বেরোবিতে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ

আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ০২:২৬ এএম

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সব ধরনের দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১০৮তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেট সভা শেষে বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী এ তথ্য জানান।

এ ছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক ও সাতজন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও জানান তিনি। উপাচার্য আরও জানান, আবু সাঈদ হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় মামলা করবে। এ ছাড়া ছাত্রসংসদ চালুসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি জানান, ক্যাম্পাসে কোনো লেজুড়বৃত্তি ছাত্ররাজনীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজ কর্মকা- পরিচালনার সুযোগ কেউ পাবে না। কেউ লেজুড়বৃত্তির রাজনীতিতে জড়িত হলেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপাচার্য অধ্যাপক ড. শওকাত বলেন, ঘটনার পর থেকে শতাধিক শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত আছেন। তাদের ছুটি না মঞ্জুর করে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। একই সঙ্গে অনুপস্থিত থাকার কারণে তাদের বেতন কাটা হয়েছে। সেই সঙ্গে শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, যেসব শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এ ঘটনায় জড়িত তাদের বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী শাস্তির আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, নিয়োগ সংক্রান্ত অভিযোগে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ ও লিখিত অভিযোগের ভিত্তিতে তিনজন শিক্ষকের বিষয়ে তিন সদস্যের একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্ত শিক্ষকরা হলেন, বাংলা বিভাগের ড. তুহিন ওয়াদুদ, ইতিহাস বিভাগের শিক্ষক মো. ইউসুফ ও গণিত বিভাগে আইরিন আক্তার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত