আলোচিত সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদের ক্যাশিয়ার খ্যাত কিশোরগঞ্জের নিকলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোকাররম সর্দার (৪৮) রাতে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হলেও দিনের বেলায় আদালত থেকে জামিন লাভ করেছে। গতকাল সোমবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বদিউজ্জামানের আদালত তাকে জামিন দেন।
এর সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, আদালতে ওঠানোর আগেই বাদীপক্ষ এসে আপোস হয়ে গেছেন। এ কারণে আদালতে ওঠানোর সঙ্গে সঙ্গেই তাকে জামিন প্রদান করা হয়। সেই সঙ্গে কারাগারে যাওয়ার আগেই কোর্ট গারদ থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ইউনুস ইমাম বলেন, যে মামলায় মোকাররমকে গ্রেপ্তার করা হয়েছিল সেই মামলায় আদালতে ওঠানোর আগেই বাদী আপোস করেছি। আমরা আদালতের কাছে বিষয়টি উপস্থাপন করেছি আদালতে আমাদের বিষয়টি বিবেচনায় নিয়ে জামিন দিয়েছে।
বাদীপক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এইচ আনোয়ার প্রধান বলেন, মোকাররমের বিরুদ্ধে চাঁদাবাজি ও অপহরণ মামলা করেছিলেন ফতুল্লার কুতুবপুরের মো. শাহ আলম। ওই মামলায় মোকাররমকে গ্রেপ্তার করে তাকে আদালতে ওঠানোর আগেই বাদী শাহ আলম এসে আপোস করেছেন।
