গাইবান্ধার সাঘাটা উপজেলার সাবেক খাদ্য পরিদর্শক জিয়াউর রহমানকে চাকরি থেকে স্থায়ী বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে আরও ৯৫ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। তার বিরুদ্ধে অসদাচরণ ও দুনীর্তির অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বরখাস্ত করে একটি প্রজ্ঞাপন জারি করে খাদ্য অধিদপ্তর।
চাকরিচ্যুত জিয়াউর রহমানের বাড়ি রংপুর সদর উপজেলার কেল্লাবন্দর গ্রামের। অভিযোগের পর থেকেই তিনি পলাতক রয়েছেন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) প্রজ্ঞাপনের বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা জেলা খাদ্য কর্মকর্তা মিজানুর রহমান।
তিনি বলেন, ২০২২ সালে জিয়াউর রহমান সাঘাটার বোনারপাড়া খাদ্য গুদামে পরিদর্শক পদে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হয়েছে। প্রজ্ঞাপন জারির তিন মাসের মধ্যে জরিমানার টাকা সরকারি কোষাগারে জমাদানের কথা হয়েছে। অন্যথায় সরকারি পাওনা আদায় আইন অনুযায়ী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল খালেক স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে জিয়াউর রহমানের বিরুদ্ধে এ আদেশ কার্যকর করতে বলা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জিয়াউর রহমানের কর্মকালে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ /২০২২ মৌসুমে বোনারপাড়া খাদ্য গুদাম থেকে নারায়ণগঞ্জ খাদ্য গুদামে পুরাতন ও খাদ্য বিভাগের বহিরাগত বস্তায় (ছেঁড়া ফাঁটা বস্তা) অবৈধভাবে পাঠানো হয়। পরে তাকে শাস্তি হিসেবে ওই বছরের ১১ আগস্ট বদলি করা হয়।
তবে তিনি তার স্থলাভিষেক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্ব বুঝিয়ে না দিয়ে ১৮ আগস্ট সন্ধ্যায় গুদামের তালা-চাবি অরক্ষিত অবস্থায় রেখে গুদাম থেকে পালিয়ে যান। পরে গুদামের মজুদ যাচাইকালে ৭৬ দশমিক ৩৫ মেট্রিকটন চাল, ২৪ দশমিক ৬০ মেট্রিকটন ধান এবং দশমিক ৭৫ মেট্রিকটন গম ও চার হাজার খালি বস্তা কম পাওয়া যায়। সব মিলে তিনি সরকারের ৪৭ লাখ ৭৭ হাজার ৭২৮ টাকা ক্ষতি সাধন করেন। যা দণ্ডমূলক দ্বিগুণহারে ৯৫ লাখ ৫৫ হাজার ৪৫৬ টাকা আদায়যোগ্য বলে প্রজ্ঞাপনে দেখানো হয়।
এরপর জিয়াউর রহমানের বিরুদ্ধে বিভাগী মামলা দায়ে করা হয়। তবে তিনি মামলায় জবাব দাখিল করেননি। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর বিধি ৩ (খ) ও (ঘ) মোতাবেক অসদাচরণ ও দুর্নীতি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
রাষ্ট্রপতি ইস্যুতে অবস্থান পাল্টাবে না বিএনপি, স্থায়ী কমিটির সিদ্ধান্ত
কারাগারে লরেন্স বিষ্ণোইকে হত্যায় কোটি টাকা পুরস্কার ঘোষণা
জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি দেখলেন জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার