দেওয়ানগঞ্জ

মাদ্রাসার দুই শিক্ষককে জুতাপেটা করলেন পিয়ন

আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ০৯:৫৮ পিএম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় লংকার চর দাখিল মাদ্রাসার পিয়ন ময়দান আলীর বিরুদ্ধে দুই শিক্ষককে জুতাপেটা করার অভিযোগ উঠেছে। বুধবার (৩০ অক্টোবর) সকালে মাদ্রাসায় ঘটনাটি ঘটে। ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছে মাদ্রাসার সুপার আব্দুল কাদের। 

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের লংকার চর দাখিল মাদ্রাসার শিক্ষকদের কিছুদিন আগে প্রতিবেশী দাওয়াত দেয়। ওই দাওয়াতের উপহার দিতে সকল শিক্ষক এবং স্টাফরা মিলে চাঁদা তুলে মাদ্রাসার পিয়ন ময়দান আলীর কাছে জমা রাখেন। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে মাদ্রাসার ইবতেদায়ী প্রধান আব্দুল খালেক পিয়নের কাছে সেই টাকা চাইতে গেলে মাদ্রাসার পিয়ন অকথ্য ভাষায় গালাগালি শুরু করে। এ সময় মাদ্রাসার সহ-সুপার ফরিদুল ইসলাম পিয়নকে শান্ত হতে বলে।

তখন মাদ্রাসার পিয়ন ময়দান আলী নিজের পায়ের জুতা খুলে সহ-সুপার ফরিদুল ইসলামকে পিটাইতে শুরু করে। এ সময় মাদ্রাসার ইফতেদায়ী প্রধান আব্দুল খালেক তাকে বাধা দিতে গেলে পিয়ন তাকেও জুটাপেটা করে। পূর্বেও সেই পিয়ন মাদ্রাসার শিক্ষকদের সাথে বহুবার অসদাচরণ এবং দুর্ব্যবহার করেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে  মাদ্রাসার সকল শিক্ষক এবং স্টাফরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। 

এ ব্যাপারে মাদ্রাসার পিয়ন ময়দান আলীর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

লংকার চর দাখিল মাদ্রাসার সুপার আব্দুল কাদের অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স সাংবাদিকদের বলেন, 'মাদ্রাসায় এমন ঘটনা খুবই দুঃখজনক। এটা অবশ্যই আইন বহির্ভূত কাজ করেছে। আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত