ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মামলা সংক্রান্ত বিরোধ ও পূর্ব শুত্রুতার জেরে প্রতিপক্ষের পিটুনিতে নিহত কিশোর জিয়ারুল হক (১৫) মৃত্যুর ঘটনায় প্রধান আসামি বাবা আনোয়ার হোসেন (৪৫) ও ছয় নম্বর আসামি ছেলে আমিনুল ইসলাম (২০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে গ্রেপ্তারকৃত আসামি বাবা-ছেলেকে আদালতে সোপর্দ করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।
এর আগে বুধবার (৩০ অক্টোবর) রাতে নিহত জিয়ারুল হকের বাবা আলাল উদ্দিন বাদী হয়ে আনোয়ার হোসেনকে প্রধান আসামি করে ও ৮ জনের নাম উল্লেখ করে ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রাতেই ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই কমল সরকারের নেতৃত্বে অভিযান চালিয়ে ঢাকার শাহবাগ এলাকা থেকে মামলার প্রধান আসামি বাবা আনোয়ার হোসেন ও ছয় নম্বর আসামি আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
এ প্রসঙ্গে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, নিহত জিয়ারুলকে পেটানোর সিসিটিভি ফুটেজ দেখে ও অভিযোগের ভিত্তিতে মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
উল্লেখ্য গত মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে বাড়ি থেকে ইজিবাইকে করে উপজেলার উচাখিলা ইউনিয়নের উচাখিলা বাজারে আসার পথে প্রতিপক্ষের পিটুনিতে কিশোর জিয়ারুল হক গুরুতর আহত হন। আহত অবস্থায় জিয়ারুলকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠালে ওই দিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাস্তায় এঁকেবেঁকে বাইক চালানোয় ২ যুবককে কুপিয়ে খুন