ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান, তার স্ত্রী শামিমা হাবিব, দুই সন্তান আবু হাসান তানিম ও সনিয়া হাসান তন্নির এবং বগুড়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. নুরুল ইসলাম তালুকদারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
গতকাল বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।
যুবদল নেতা শামীম হত্যা মামলায় শেখ হাসিনার ফুফাতো ভাই ও সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে সেরনিয়াবাত মঈন উদ্দিন আবদুল্লাহকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান তার জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গতকাল বৃহস্পতিবার মঈনকে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক তন্ময় কুমার বিশ্বাস পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন। গত ২৬ অক্টোবর রাতে মঈন উদ্দিন আবদুল্লাহকে রাজধানীর গুলশান-২ থেকে গ্রেপ্তার করা হয়।
