সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন মেয়র হিসেবে শপথ নিতে যাচ্ছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি শাহাদাত হোসেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ রবিবার (৩ নভেম্বর) সকাল সাড়ে দশটায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নতুন মেয়রকে শপথ বাক্য পাঠ করাবেন।
এদিকে, শাহাদাতের শপথ অনুষ্ঠানকে ঘিরে চট্টগ্রামের বিএনপি নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। দলের উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী ইতিমধ্যে রাজধানী ঢাকা পৌঁছেছেন। আরো অনেকেই পথে রয়েছেন। রবিবার শপথ অনুষ্ঠানের পর দলের কেন্দ্রীয় নেতারা ও চট্টগ্রাম থেকে যাওয়া নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতে যাবেন চসিকের নতুন মেয়র।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ইতিপূর্বে শাহাদাত হোসেনকে চিঠি ইস্যু করা হয়েছে। অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
শাহাদাত হোসেনের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, ইতিপূর্বে সকাল সাড়ে ১১টায় শপথের সময় নির্ধারিত থাকলেও তা এক ঘণ্টা এগিয়ে এনে সাড়ে দশটায় নির্ধারণ করা হয়েছে। শপথ উপলক্ষ্যে চট্টগ্রাম থেকে কয়েক হাজার নেতাকর্মী ঢাকা আসছেন।
রবিবার অনুষ্ঠানের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ নতুন মেয়র নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জেয়ারত ও শ্রদ্ধা নিবেদন করবেন। আগামী ৫ নবেম্বর ‘সোনার বাংলা’ ট্রেনে নতুন মেয়র ঢাকা থেকে চট্টগ্রাম আসবেন বলে জানান তিনি।
২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে জয়ী ঘোষণা করেছিল নির্বাচন।
কমিশন ঘোষিত ফলাফল অনুযায়ী গেজেট প্রকাশের পর যথারীতি শপথ গ্রহণ ও প্রায় সাড়ে তিন বছর চসিক মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। অন্যদিকে, নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে ফলাফল বাতিল চেয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন বিএনপি প্রার্থী শাহাদাত হোসেন। গত ১ অক্টোবর ওই মামলার রায়ে আদালত নির্বাচন কমিশন ঘোষিত ফলাফল বাতিল এবং শাহাদাত হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দেন। একই সঙ্গে নির্বাচন কমিশন সচিবকে ১০দিনের গেজেট প্রকাশেরও আদেশ দেন।
আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ৮ অক্টোবর শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা দিয়ে নির্বাচন কমিশন সচিবালয় থেকে সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়।
ট্রাম্প এবার আগাম বিজয় ঘোষণা করলে যে ব্যবস্থা ডেমোক্র্যাটদের
ছাত্র আন্দোলনে লাবলু মিয়া হত্যা মামলায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২