কারিগরি শিক্ষার উন্নয়ন ছাড়া দেশের পরবর্তী উন্নয়ন প্রশ্নবিদ্ধ থেকে যায়। মানসম্পন্ন কারিগরি শিক্ষার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে তিন সুপারিশ করেছেন সেন্টার ফর পলিসি ডায়লগের ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
সুপারিশগুলোর প্রথমটি হলো- পরবর্তী উন্নয়নের ধাপে যেতে মানসম্পন্ন কারিগরি শিক্ষা বাংলাদেশের উন্নয়নের আগামী দিনের অন্যতম ভবিষ্যত। এ কারিগরি শক্তি শিল্পায়ন, কৃষির আধুনিকায়ন, সেবা খাতের আধুনিকায়নের জন্য প্রয়োজন। দ্বিতীয় সুপারিশে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে বহু ধরনের সংস্কারের কথা বলা হচ্ছে। কারিগরি শিক্ষার আধুনিকায়ন এবং এর সংস্কার ও রূপান্তরের জন্য অংশীদারিত্বমূলক বিশেষজ্ঞ কমিটি তৈরি করার জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। তিন মাস সময় নিয়ে এটি দ্রুত কার্যকর করা প্রয়োজন, যাতে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে প্রয়োজনীয় অর্থসংস্থান করে প্রয়োজনীয় নীতি নির্দেশ দিতে পারে।
তৃতীয় সুপারিশ উল্লেখ করে তিনি বলেন, এ কাজটির উপকার যাতে বাংলাদেশের পিছিয়ে পড়া মানুষগুলো পায়। ছাত্রদের গণ আন্দোলনে যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, অসুবিধাগ্রস্ত হয়েছেন- তারা যেন রূপান্তরমূলক প্রশিক্ষণের সুযোগে নিজেদের দাঁড় করাতে পারেন।
আজ শনিবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত ‘যুব কর্মসংস্থান সৃষ্টিতে স্থানীয় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা’ শীর্ষক জাতীয় সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সম্মেলনটির আয়োজন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম ও এসডো। এ সময় উপস্থিত ছিলেন ইউসেপ বাংলাদেশের সাবেক সভাপতি এ মতিন চৌধুরী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মো. রুহুল আমিন, ইএসডিও এর নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান প্রমুখ।
সম্মেলনে ড. দেবপ্রিয় বলেন, সরকারেরর পক্ষ থেকে সংস্কারের কথা বলা হচ্ছে। কারিগরি শিক্ষার শুধু আধুনিকায়ন নয়, সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, অংশীদারিত্বমূলক সংস্কার কমিটি তৈরির। আশা করব, দ্রুত আধুনিক, দক্ষ, রূপান্তরমূলক কর্মপরিকল্পনা তৈরির উদ্যোগ নেবে সরকার। ২৫-২৬ বাজেটে অর্থ সংস্থান ও প্রয়োজনীয় নির্দেশ দেবে সরকার। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষগুলো যেন সেটার সুযোগ পায়।
ড. দেবপ্রিয় আরও বলেন, শিক্ষা ক্ষেত্রে উন্নতি করতে না পারলে সার্বিক উন্নয়ন সম্ভব নয়। আবার শিক্ষা ছাড়া অন্যান্য ক্ষেত্রে উন্নয়নও যথাযথ ভূমিকা রাখতে পারবে না। কারিগরি শিক্ষাকে মূল ধারার শিক্ষার সঙ্গে যুক্ত করতে হবে। কেননা বর্তমানের গদবাঁধা শিক্ষা দিয়ে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।
সিপিডির সম্মানীয় আরেক ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, কারিগরি শিক্ষার ক্ষেত্রে যে সমস্যাগুলো বিদ্যমান, সেগুলোর সমাধান না করে নতুন প্রতিষ্ঠান তৈরি করা কোনো সমাধান নয়। কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে মাত্র ১৮ থেকে ২০ শতাংশ শিক্ষক দিয়ে কিভাবে চলে, যেখানে চলমান প্রতিষ্ঠানগুলোতেই ৮০ শতাংশ শিক্ষকের পদ শূন্য সেখানে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি করে লাভ কী।
তিনি আরো বলেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পর বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা কেমন হবে, তা নির্ভর করবে শিক্ষার্থীদের কেমন প্রশিক্ষণ দেওয়া হবে তার ওপর। বাজার চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিতে হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও ইউসেপ বাংলাদেশের সাবেক সভাপতি এ মতিন চৌধুরী বলেন, প্রযুক্তি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। কিন্তু প্রযুক্তির সঙ্গে কারিকুলাম পরিবর্তন হচ্ছে না। কারণ আমাদের শিক্ষকরাই এসব আপডেট প্রযুক্তির সঙ্গে প্রশিক্ষিত না।
শিল্পখাতের সঙ্গে মিল রেখে সিলেবাসের মিল রাখার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আমাদের শিল্পখাতের সঙ্গে শিক্ষা সিলেবাস কানেক্টেড না। সিলেবাসে শিল্পখাতের কাজের ধরনের সঙ্গে মিল রেখে সাজাতে হবে। আমাদের অনেক সম্ভবনা আছে, কিন্তু মাইন্ডসেট ঠিক করা যায়নি। আমাদের শিল্প মালিকদের আয়ের ২ শতাংশ প্রশিক্ষণে ব্যয় করলে সরকারকে এক টাকাও ব্যয় করতে হবে না।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন বলেন, কর্মসংস্থান আমাদের সবচেয়ে বড় ইস্যু। প্রত্যেকের আগ্রহ বাড়াতে হবে। অনেক ট্রেনিংয়ে শিক্ষার্থী নেই। সিরিয়াসনেন্স বাড়াতে হবে। কেননা বর্তমানে টেকনোলজি এত দ্রুত পরিবর্তন হচ্ছে, যা বলে বোঝানো সম্ভব নয়। ফলে পরিবর্তনের সঙ্গে সঙ্গে কারিকুলামও পরিবর্তন করা সম্ভব হয় না। এক্ষেত্রে যারা প্রশিক্ষণ নেবেন তাদেরও আগ্রহ যেমন দরকার যারা প্রশিক্ষণ দেবেন তাদেরও আগ্রহ থাকতে হবে।
এর আগে ‘যুব কর্মসংস্থান সৃষ্টিতে স্থানীয় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা’ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনটি উপস্থাপন করেন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) জ্যেষ্ঠ গবেষক ড. তৌফিকুল ইসলাম খান। গবেষণা প্রতিবেদনটিতে সরকারি টেকনিক্যাল স্কুল, কলেজ, পলিটেকনিক এবং যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক পরিচালিত কারিগরি শিক্ষা-প্রশিক্ষণ কার্যক্রমের শিক্ষার্থী, শিক্ষক ও অভিবাবকদের মতামত নেওয়া হয়েছে। ৬০০ জন বর্তমান ও সাবেক শিক্ষার্থী, ৬০ জন শিক্ষক-প্রশিক্ষক, ২৪০ জন অভিবাবক, ৭৫ জন সরকারি কর্মকর্তা, বিষয় বিশেষজ্ঞ ও চাকুরিদাতাদের ৭৫ জন মতামত নেওয়া হয়েছে।
প্রতিবেদনের মূল প্রবন্ধে বলা হয়, মোট বাজেটের অনুপাতে কারিগরি শিক্ষার বাজেট বরাদ্দ খুবই কম। এ জন্য জাতীয় বাজেটে কারিগরি শিক্ষায় আর্থিক বরাদ্দ বাড়ানোর তাগিদ দেওয়া হয়। একইসঙ্গে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ক্ষেত্রে কারিগরি শিক্ষার উন্নয়নে যে অঙ্গীকার তা বাস্তবায়নে বাস্তবভিত্তিক উদ্যোগের অভাব রয়েছে। উত্তরণে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষার মান্নোনয়নে বেশ কিছু নীতি সহায়তার সুপারিশ করে সিপিডি।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ৬৭ শতাংশ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো ভালো। তবে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের ১৩ শতাংশ শিক্ষার মানে সন্তুষ্টি প্রকাশ করেছে। সাবেক শিক্ষার্থীদের ৬৩ শতাংশের মাসিক বেতন ১০ হাজার টাকার নিচে।
প্রতিবেদনে আরও জানানো হয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় উপকরণ ও যন্ত্রাংশ নেই, ল্যাবের সংখ্যা অপ্রতুল। পঞ্চগড় ও সুনামগঞ্জে পলিটেকনিক ইন্সটিটিউট না থাকায় শিক্ষার্থীরা দীর্ঘমেয়াদি শিক্ষা লাভের সুযোগ বঞ্চিত হচ্ছে। এ ছাড়া শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ ডেটাবেজ না থাকায় অসাধু শিক্ষার্থীরা ভাতার একাধিক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে নিবন্ধিত হয়।
এতে আরও জানানো হয়, প্রতিবছর কারিগরি শিক্ষায় মাধ্যমিক পর্যায়ে সমাপনকারী মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্রীর হার কমেছে। শিক্ষার্থীরা জানিয়েছেন সাধারণ মানুষ তাদের ঘৃণার চোখে দেখে।
মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন কলেজছাত্র
মার্কিন নির্বাচনের ফলাফল আমাদের সম্পর্ক চ্যালেঞ্জে পড়বে না: প্রেস সচিব
এবারের মার্কিন নির্বাচনে কার পাল্লা ভারি, কমলা নাকি ট্রাম্প
সেন্টমার্টিন নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: প্রধান উপদেষ্টার প্রেস উইং
ট্রাম্প জিতলে কী গণতন্ত্র টিকবে? 