রাজধানীর কামরাঙ্গীরচরের একটি ভবনে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুর হোসেন ওরফে নুরা (২৩) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাত ৩টায় কামরাঙ্গীরচর নবীনগর এলাকার আসাদুজ্জামানের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে গতকাল শনিবার ভোরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান জানান, নুর হোসেন ওরফে নুরা একজন পেশাদার চোর, ছিনতাইকারী ও বখাটে প্রকৃতির ছিলেন। কামরাঙ্গীরচর ঝাউচড় বড় মসজিদ গলিতে থাকতেন তিনি।
তিনি আরও জানান, শুক্রবার রাতে নবীনগর এলাকায় আসাদুজ্জামান আসাদের পঞ্চমতলার বাসায় গ্রিল বেয়ে চুরি করতে ওঠে নুরা। জানালা দিয়ে মোবাইল ফোন চুরি করে নামতে গিয়ে পাশের বিদ্যুতের তারের সংস্পর্শে বিদ্যুতায়িত হয়ে সেখান থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
