নার্সের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, আইসিইউতে নবজাতক

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ০৪:৩৭ পিএম

দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে একটি বেসরকারি ক্লিনিকের নার্সের ভুল চিকিৎসায় এক নবজাতক শিশু জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে বলে অভিযোগ করেছে নবজাতকের পরিবারের সদস্যরা। রংপুরের প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে ওই নবজাতক।

রবিবার (৩ নভেম্বর) সকালে রংপুরের প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ওই নবজাতককে। এর আগে গত বৃহস্পতিবার রাতে উপজেলার পাকেরহাটে অবস্থিত মমতাজ ক্লিনিক এন্ড কনসালটেশন সেন্টারে কর্তব্যরত এক নার্স নবজাতকের শরীরে ইনজেকশন পুশ করে। এরপর থেকে শিশুটির অবস্থার অবনতি হতে থাকে। গত বুধবার ওই ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম দেন গৃহবধূ শিউলি সরকার। তিনি উপজেলার আংগারপাড়া ইউনিয়নের ছাতিয়ানগড় গ্রামের বাবুল মেম্বার পাড়ার বাসিন্দা অমল সরকারের স্ত্রী। 

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় সিজারিয়ানের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম হয়। পরদিন বৃহস্পতিবার রাত ১১টায় কর্তব্যরত এক নার্স নবজাতকের শরীরে একটি ইনজেকশন পুশ করে। এরপর থেকে অবস্থার অবনতি হলে শুক্রবার ভোরে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রবিবার রংপুরের প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ওই নবজাতককে। বর্তমানে ওই হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছে। 

নবজাতকের বাবা অমল সরকার বলেন, ‘নার্সের ভুলে আমার সন্তান এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছে। ওই ক্লিনিকের নার্স আমাদের স্লিপ ধরিয়ে দিলে এন্টি-ডি ইনজেকশন নীলফামারী থেকে নিয়ে আসি। পরে ভালোভাবে না জেনেই নার্স নবজাতকের শরীরে সেই ইনজেকশন পুশ করলে সে অসুস্থ হয়। আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি।’

মমতাজ (প্রাঃ) ক্লিনিক ও কনসালটেন্ট সেন্টারের স্বত্বাধিকারী মোছাব্বের হোসেন সবুজ জানান, ‘ওই বাচ্চার শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শে ডেকাসন নামে রোগ প্রতিষেধক একটি ইনজেকশন দেওয়া হয়। পরবর্তী সময়ে অবস্থার অবনতি হলে নীলফামারী ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়। তবে ইনজেকশন পুশে নার্সের ভুল হতে পারে। এ নবজাতকের দেখভাল করার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করছি দ্রুত সুস্থ হয়ে উঠবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজ উদ্দিন বলেন, এমন ঘটনা মোটেও কাম্য নয়। এই বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত