কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের ব্যক্তিগত সহকারীসহ (পিএস) দুজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানম-ি এলাকা থেকে ঢাকা র্যাব-১-এর সহযোগিতায় তাদের গ্রেপ্তার করে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল। গ্রেপ্তাররা হলেন সাবেক ক্রীড়ামন্ত্রীর পিএস সাখাওয়াত হোসেন মোল্লা (৫২) ও ভৈরব উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল হেকিম রায়হান (৫২)।
গতকাল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরী। তিনি বলেন, মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
র্যাব সূত্র জানায়, গত ১৯ জুলাই দুপুর ২টা ও বিকেল ৪টার দিকে ভৈরব উপজেলার লক্ষ্মীপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় মামুন মিয়া, রুবেল মিয়া ও আলম সরকার বাদী হয়ে ভৈরব থানায় গত ২৭ আগস্ট দুটি ও ৭ সেপ্টেম্বর একটিসহ পৃথক তিনটি মামলা করেন। গ্রেপ্তার ব্যক্তিরা এসব মামলার আসামি।
