ওলমোর জোড়ায় ডার্বিতেও বার্সার গোল উৎসব

আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ১২:৩৪ পিএম

গোল আর জয়! বার্সেলোনার উৎসব যেন থামছেই না! গত সপ্তাহে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে বিধ্বস্ত করার পর এবার নগর প্রতিদ্বন্দ্বী এসপানিওলের বিপক্ষে ৩-১ গোলের সহজ জয় তুলে নিয়েছে কাতালান ক্লাবটি। গত ২৯ সেপ্টেম্বর ওসাসুনার বিপক্ষে ৪-২ গোলে হারের পর, সব প্রতিযোগিতা মিলিয়ে পরের ছয় ম্যাচে ধারাবাহিকভাবে জয় পেতে তিন বা তারও বেশি গোল করেছে বার্সা।

ঘরের মাঠে প্রথমার্ধেই বার্সার তিন গোল। ১২ মিনিটে দানি ওলমোর গোলে লিড নেয় দলটি। এরপর ২৩ মিনিটে ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া ব্যবধান দ্বিগুণ করেন। ওলমো ৩১ মিনিটে দলের তৃতীয় গোলটি করে বার্সাকে এগিয়ে দেন ৩-০ ব্যবধানে। দ্বিতীয়ার্ধে এসপানিওলের পক্ষে জাভি পুয়াদো এক গোল শোধ করেন।

এই জয়ে ১২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে বার্সেলোনা, এক ম্যাচ কম খেলে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।

লা লিগার এ মৌসুমে বার্সা ১২তম ম্যাচে তাদের ১১তম জয় তুলে নিল। ম্যাচের শুরুর দিকেই ওলমোর সুযোগ ছিল বার্সাকে এগিয়ে নেওয়ার। যদিও স্প্যানিশ ফরোয়ার্ড দুটি সুযোগ নষ্ট করেন - একবার শট সরাসরি গোলকিপারের হাতে তুলে দেন, আরেকবার শট বার উঁচিয়ে চলে যায়। তাঁর সুযোগ মিসের মাঝেই ইয়ামালের একটি ২০ গজের শট ঠেকিয়ে দেন এসপানিওল গোলকিপার গার্সিয়া। বার্সার প্রথম গোলেও অবদান রাখেন ১৭ বছর বয়সী ইয়ামাল, যার দারুণ এক পাস থেকেই ওলমো গোলটি করেন। 

মার্ক কাসাদোর কাছ থেকে বল পেয়ে এসপানিওলের গোলরক্ষককে ফাঁকি দিয়ে দ্বিতীয় গোলটি করেন রাফিনিয়া। এটি এই মৌসুমে বার্সার জার্সিতে তার ১১তম গোল। বার্সা তৃতীয় গোলটি পাওয়ার আগেই এসপানিওলের এক গোল অফসাইডের কারণে বাতিল হয়। ম্যাচের যোগ করা সময়ে আরও একটি গোল বাতিল হয় বার্সার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত