জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৮ নভেম্বর জাতীয় র্যালি করবে বিএনপি। রাজধানী ঢাকা ছাড়াও বিভিন্ন জেলা ও মহানগরে এ র্যালির আয়োজন করা হবে। গতকাল সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য।
ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়ে বলেন, ‘৮ নভেম্বর হবে ইতিহাসের সর্ববৃহৎ র্যালি যা ইতিহাস গড়বে। জেলা, মহানগর সব পর্যায়ে এই র্যালি অনুষ্ঠিত হবে। সামগ্রিকভাবে এই র্যালি সফল করার আহ্বান জানাই। ৫ আগস্টের মতো বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা সব ষড়যন্ত্র মোকাবিলায় রাজপথে থাকবে।’
অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে নানামুখী ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তিনি বলেন, ‘বিগত সরকার জনগণের মন থেকে জিয়াকে মুছে দিতে চেয়েছিল কিন্ত তারা ব্যর্থ হয়। এখনো বিভিন্নভাবে একই ষড়যন্ত্র চলছে এবং বিভিন্নভাবে এই সরকারকে বিতর্কিত করার চেষ্টা চলছে।’
ডা. জাহিদ জানান, ‘নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু হয়ে ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। ঢাকার পাশের জেলা নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল ও নরসিংদীর নেতাকর্মীরাও কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নেবেন। ঢাকার বাইরে বিভিন্ন জেলা ও মহানগরী তাদের মতো করে র্যালি করবে। এ ছাড়া কর্মসূচির মধ্যে আসছে ৬ নভেম্বর (বুধবার) আলোচনা সভা, ৭ নভেম্বর বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার (কবর) জিয়ারত কর্মসূচি রয়েছে।’ যৌথ সভায় বলা হয়, র্যালিতে পোস্টার ও ব্যানারে বিএনপির শীর্ষ তিন নেতার বাইরে কারও ছবি ব্যবহার না করা, সবাইকে সুশৃঙ্খলভাবে র্যালিতে অংশ নিতে হবে। জাসাসের আয়োজনে ব্যান্ড পার্টির বাইরে কোনো ঢোল, হাতি ও ঘোড়ার ব্যবহার না করতে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
