অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রশ্ন রেখে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘শেখ হাসিনার দোসররা মন্ত্রণালয়সহ নানা জায়গায় এখনও কাজ করছে। তারা কিভাবে এখনও একই জায়গায় থাকে? ’
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইয়ুথ ফোরামের আয়োজনে ‘ফ্যাসিবাদের মূলোৎপাটন নিশ্চিত করতে রাষ্ট্র ও প্রশাসনের সকল পর্যায় থেকে ফ্যাসিস্ট দোসরদের সমূলে উৎখাতের’ দাবিতে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে এই সরকারের সময় দরকার। সংস্কার করুন কিন্তু এমন সংস্কারে হাত দিয়েন না যে সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত হবে। তবে তা যেন ফখরুদ্দিন-মঈনউদ্দিনের মত সময় না হয়। এমন সংস্কার করতে যাবেন না যার জন্য আবার একটি চক্র বাংলাদেশের এই গণতন্ত্র কে নস্যাৎ করার পরিকল্পনা করতে পারে।’
সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘বাংলাদেশে আওয়ামী লীগ আবার অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এই অস্থিরতা করার সুযোগ দেওয়া যাবে না অবিলম্বে এদের পদায়ন বাতিল ও অপসারণ করাতে হবে।’
ফারুক বলেন, ‘আমাদের দাবি স্পষ্ট আমরা নির্বাচন চাই। ১৬ বছর আওয়ামী লীগ দেশ শাসন করে গণতন্ত্র ধ্বংস করেছে, সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে, কত মায়ের বুক খালি করেছে, আয়নাঘর তৈরি করে মানবাধিকার লঙ্ঘন করেছে।’
দ্রুত রোড ম্যাপ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি বাংলাদেশের মানুষ যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে, ১৬ বছর আওয়ামী লীগের অত্যাচার সহ্য করেছে তাদের নির্বাচনমুখি করার কথা বলেন। নির্বাচন ঘিরে আওয়ামী লীগের ষড়যন্ত্র শুরু হয়ে গেছে তা রুখে দিতে হবে।’
এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারেক রহমানের মামলা প্রত্যাহার ও বিএনপির ৪০ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানান।
আয়োজক সংগঠনের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে ও মঞ্জুর হোসেন ঈসা সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজ উদ্দিন নসু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, জাগপার সহ সভাপতি রাশেদ প্রধান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাওলানা নেসারুল হক, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল বাকী, ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা আলমগীর হোসেন, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এম এ হাশেম রাজু ও সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী প্রমুখ।
পিলখানা হত্যাকাণ্ড পুনঃতদন্ত কমিশন কেন নয়, হাইকোর্টের রুল
জায়গা নেই সোহরাওয়ার্দী উদ্যানে, বক্তব্য শুনতে রাস্তায় আলেম-ওলামারা