চট্টগ্রামে ফেসবুক পোস্ট ঘিরে সংঘর্ষ ৭ পুলিশ আহত

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০৭:২৩ এএম

ফেসবুকে একটি ধর্মীয় সংগঠন নিয়ে দেওয়া পোস্ট শেয়ার করার ঘটনাকে কেন্দ্র করে যৌথ বাহিনীর সদস্যদের সঙ্গে একদল বিক্ষোভকারীর সংঘর্ষ হয়েছে। এতে আহত হন সাত পুলিশ সদস্য। তাদের মধ্যে একজন অ্যাসিডে সামান্য দগ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার হাজারী গলি এলাকায় এ সংঘাতের ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা এবং হাজারী গলি এলাকার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, হাজারী গলি এলাকার মো. ওসমান নামে এক দোকানি কয়েক দিন আগে তার ফেসবুক আইডিতে হিন্দুদের ধর্মীয় সংগঠন ইসকনের নাম উল্লেখ করে একটি পোস্ট শেয়ার করেন। এতে ক্ষুব্ধ হয়ে হিন্দু সম্প্রদায়ের কিছু লোক গতকাল সন্ধ্যায় তার দোকানে হামলা চালায় ও বিক্ষোভ করে। খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা সেখানে গিয়ে ওসমানকে উদ্ধার করে নিয়ে আসার সময় বিক্ষুব্ধ লোকজন তাকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায়। এ সময় বিক্ষোভকারীরা ইটপাটকেল ছুড়তে থাকে। পরে ওসমানকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়। এতে আরও ক্ষুব্ধ হয়ে বিক্ষোভকারীরা যৌথ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ফের ইটপাটকেল ছুড়তে থাকে। একপর্যায়ে তারা অ্যাসিডও ছোড়ে। এতে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি অঞ্চল) মাহফুজুর রহমানসহ সাত পুলিশ সদস্য আহত হন। তাদের মধ্যে একজন সামান্য অ্যাসিডদগ্ধ হয়েছেন। আহত এ পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আটকে হাজারী গলি এলাকায় অভিযান শুরু হয়।

এ বিষয়ে নগর পুলিশের উপকমিশনার (অপরাধ) রইছ উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘হাজারী গলির ওসমান নামে এক ব্যবসায়ী একটি ফেসবুক পোস্ট শেয়ার করেছিলেন। পোস্টটি ইসকন সম্পৃক্ত। যা নিয়ে কিছু লোকজন সংক্ষুব্ধ ছিল। ওই ব্যবসায়ীকে আক্রমণ করার চেষ্টা করা হলে পুলিশ গিয়ে আক্রমণকারীদের নিবৃত্ত করার চেষ্টা করে। একপর্যায়ে যারা আক্রমণ করতে উদ্যত হয়েছিল তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। তাদের আক্রমণে আমাদের সাত পুলিশ সদস্য আহত হন। এর মধ্যে একজন অ্যাসিড আক্রান্ত আছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত