নিয়োগের ১৩ দিনের মাথায় ওএসডি রমেকের অধ্যক্ষ

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০৭:৩২ এএম

নিয়োগের ১৩ দিনের মাথায় সরানো হলো রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ ডা. মাহফুজার রহমানকে। তার বিরুদ্ধে আওয়ামী লীগপন্থি চিকিৎসক হিসেবে অভিযোগ এনে নিয়োগের পরদিন থেকেই অপসারণ দাবিতে আন্দোলন করছিলের কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে গতকাল মঙ্গলবার তাকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে সরিয়ে নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। তার স্থলে নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন দিনাজপুর মেডিকেল কলেজের শিশু বিভাগের অধ্যাপক ডা. শরিফুল ইসলাম। 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব দুর-রে-শাহ্ওয়াজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

এর আগে গত ২৯ অক্টোবর রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ শাহ মো. সরওয়ার জাহানকে স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ মকবুল হোসেনের সই করা এ-সংক্রান্ত চিঠিতে কলেজের উপাধ্যক্ষ ডা. মাহফুজার রহমানকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়। উপাধ্যক্ষ করা হয় সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেনকে। এর পরদিন বুধবার থেকেই ডা. মাহফুজার রহমানের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন রমেকের চিকিৎসক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। ওইদিন তারা অধ্যক্ষের কক্ষে তালা লাগিয়ে দেন।

চিকিৎসকদের অভিযোগ, ডা. মাহফুজার রহমান উপাধ্যক্ষ থাকাকালে তার কক্ষে ছাত্রলীগ নেতাকর্মীদের অবাধ যাতায়াত ছিল। বিশেষত ছাত্রলীগ নেতা প্রান্ত সারাক্ষণই তার কক্ষে বসে থাকতেন। এ নিয়ে অ্যাকাডেমিক কাউন্সিলেও আপত্তি তোলা হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত