স্বাক্ষর জালিয়াতি মামলা

প্রকাশক দম্পতির বিরুদ্ধে সিআইডিকে তদন্তের নির্দেশ

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০৭:৩৩ এএম

স্বাক্ষর জালিয়াতি মামলায় প্রকাশক দম্পতির বিরুদ্ধে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। এ দম্পতি হলেন প্রকাশনা প্রতিষ্ঠান জার্নি মাল্টিমিডিয়া লিমিটেডের চেয়ারম্যান শারমীন সুলতানা ও ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হোসেন। লেখক ও সম্পাদক অমিতাভ দেউরীর করা মামলায় গতকাল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী এ আদেশ দেন। নাজমুল ও শারমিন দম্পতির বিরুদ্ধে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ জেল থেকে প্রকাশিত বঙ্গবন্ধুবিষয়ক দুটি সরকারি বইয়ের গ্রন্থস্বত্ব ও মেধাস্বত্ব চুরির মাধ্যমে প্রায় ২১ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এর মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মালিকানাধীন ‘বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা’ বইটির সম্পাদক অমিতাভ দেউরী।

মামলার নথি থেকে জানা যায়, ২০২০ সালে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর মুজিববর্ষ উপলক্ষে ‘বঙ্গবন্ধু বুক কর্নার’ প্রকল্পে দেশের ৬৫ হাজার ৭০০ প্রাথমিক বিদ্যালয়ের জন্য বই কেনে। সে সময় একাধিক গণমাধ্যমে প্রকল্পের ক্রয় নিয়ে অনিয়ম, জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ প্রচারিত হয়। এরই পরিপ্রেক্ষিতে ব্যারিস্টার সাইয়েদুল হক সুমন জনস্বার্থে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। স্বাক্ষর জালিয়াতি মামলার বাদী অমিতাভ দেউরী অভিযোগ করেন, সেই রিট মামলায় বিবাদী নাজমুল ও তার স্ত্রী শারমীন অমিতাভের স্বাক্ষর নকল করে ভুয়া মানি রিসিট ও জাল প্রত্যয়নপত্র তৈরি করেন এবং আদালতে জমা দেন। মানি রিসিটে বর্ণিত তারিখে অমিতাভ দেউরী দেশে ছিলেন না বলে দাবি করেছেন। প্রত্যয়নপত্রেও অমিতাভের বাবা-মায়ের নাম মিলছে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত