জামিনে মুক্তি পেয়ে জেলগেটে গ্রেপ্তার সাবেক এমপি রউফ 

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ১১:৫৩ পিএম

জামিনে মুক্তি পেয়ে জেলগেট থেকে ফের গ্রেপ্তার হলেন কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুর রউফ। বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট কুষ্টিয়া শহরে আন্দোলনকারী বাবুকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। নিহত বাবু কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামের শালদহ এলাকার মৃত নওশের আলীর ছেলে। বাবু পেশায় স্বর্ণকার ছিলেন।

এর আগে বিকালের দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতে আরেকটি মামলায় তার জামিন শুনানি হয়। শুনানি শেষে জেলা জজ তার জামিন মঞ্জুর করেন।

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিএনপির কর্মী সুজন মালিথাকে গুলি করে হত্যা মামলায় এমপি রউফকে গ্রেপ্তার করা হয়। গত ১ অক্টোবর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব-১২ ও র‍্যাব-৪ এর যৌথ অভিযানে রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করে। এরপর থেকে কুষ্টিয়া জেলা কারাগারে বন্দি ছিলেন তিনি। 

আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট আন্দোলনকারী বাবুকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রাইসুল হক বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। এ মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী জনপ্রতিনিধিসহ মোট ৩৫ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৪০-৫০ জনকে। 

২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কুষ্টিয়া-৪ আসন থেকে জয় পান আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত