পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেল আসাদুজ্জামানের পিস্তল

আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ০৭:২৪ এএম

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের লাইসেন্সকৃত পিস্তল রাজধানীর মনিপুরী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে তেজগাঁও থানার পুলিশ। গত মঙ্গলবার রাতে মনিপুরীপাড়ার ১৩২ ও ১৩৯ নম্বর বাড়ির মধ্যবর্তী রাস্তায় পরিত্যক্ত অবস্থায় একটি শপিং ব্যাগ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় ম্যাগাজিন ও ২৫ রাউন্ড গুলিও পাওয়া গেছে।

গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, তেজগাঁও থানাধীন মনিপুরীপাড়ার ১৩২ ও ১৩৯ নম্বর বাড়ির মধ্যবর্তী রাস্তায় পরিত্যক্ত অবস্থায় একটি শপিং ব্যাগ পাওয়া যায়। শপিং ব্যাগ তল্লাশি করে একটি প্লাস্টিকের অস্ত্রের বাক্স, একটি ৩২ বোর ৭.৬২ মি.মি. পিস্তল, দুটি পিস্তলের ম্যাগাজিন, ২৫ রাউন্ড পিস্তলের গুলি, পাঁচটি ক্লিনিং কিট ও একটি পিস্তলের লাইসেন্স জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধান ও প্রাপ্ত লাইসেন্স পর্যালোচনায় দেখা যায় অস্ত্রের মালিক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিধি মোতাবেক উদ্ধারকৃত অস্ত্র-গুলি তেজগাঁও থানা হেফাজতে রয়েছে।

এর আগে গত ২৫ আগস্ট বৈধ লাইসেন্সকৃত সব অস্ত্র জমা দিতে আদেশ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ৩ সেপ্টেম্বরের মধ্যে লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সংশ্লিষ্ট থানায় জামা দিতে বলা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, বিগত ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বেসামরিক জনগণকে দেওয়া হয়েছে, তাদের প্রদানকৃত লাইসেন্স স্থগিত করা হলো এবং তাদের আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

এদিকে পুলিশ সদর দপ্তরের সবশেষ তথ্য অনুযায়ী যৌথ বাহিনীর অভিযানে ৩১৮টি অস্ত্র উদ্ধার ও ১৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে রিভলবার ১৯টি, পিস্তল ৭৬টি, রাইফেল ২২টি, শটগান ৩৭টি, পাইপগান ৮টি, শুটারগান ৪৩টি, এলজি ৩১টি, বন্দুক ৪৮টি, একে৪৭ একটি, এসএমজি পাঁচটি, গ্যাসগান চারটি, এয়ারগান ১০টি, এসবিবিএল ১০টি, টিয়ার গ্যাস লঞ্চার দুটি এবং থ্রি-কোয়াটার দুটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত