ওয়েস্ট ইন্ডিজের পেসারদের তোপ সামলাতে পারেনি ইংল্যান্ডের টপ অর্ডার। মাত্র ২৪ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে ইংলিশরা। তবে ফিল সল্ট ও স্যাম কারানের দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ২৬৩ রানের সংগ্রহ গড়ে তারা। কিন্তু এই রানও ওয়েস্ট ইন্ডিজকে হারানোর জন্য যথেষ্ট হয়নি। ব্র্যান্ডন কিং ও কেসি কার্টির দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে ৮ উইকেটের বড় জয় পেয়েছে স্বাগতিক দল, ফলে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে ক্যারিবিয়ানরা।
টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিংয়ে নেমে শুরুতেই ক্যারিবিয়ান পেসারদের আক্রমণে দিশেহারা হয়ে পড়ে ইংল্যান্ড। ২৪ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। উইল জ্যাকস, জর্ডান কক্স ও লিয়াম লিভিংস্টোন এক অঙ্কের ঘরে আউট হয়ে ফেরেন। জ্যাকব বেথেল শূন্য রানেই বিদায় নেন।
এরপর কারানকে নিয়ে ৭০ রানের একটি গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে প্রাথমিক বিপদ থেকে উদ্ধার করেন সল্ট। সল্টের সাথে দারুণ ব্যাটিং করছিলেন কারান এবং ছিলেন ফিফটির পথে। তবে রোস্টন চেজকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে। কারান ৫২ বলে ৪০ রান করেন। কারান ফিরলেও সল্ট ঠিকই ফিফটি পূর্ণ করেন। ১০৮ বলে ৪টি চার ও ১টি ছক্কায় ৭৪ রান করেন ডানহাতি এই ব্যাটার।
ড্যান মুসলির ব্যাট থেকে আসে ৫৭ রান। শেষের দিকে ঝড়ো ব্যাটিং করেন জেমি ওভারটন ও জোফরা আর্চার। ওভারটন ২১ বলে করেন ৩২ রান এবং আর্চার অপরাজিত থেকে ১৭ বলে ৩৮ রানের ক্যামিও ইনিংস খেলেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১০ ওভারে ৩৫ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন ম্যাথু ফোর্ড। আলজারি জোসেফ ও রোমারিও শেফার্ড নেন ২টি করে উইকেট।
২৬৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করে ওয়েস্ট ইন্ডিজ। এভিন লুইস ও কিং আক্রমণাত্মক ব্যাটিং করেন। তবে ১৭ বলে ১৯ রান করা লুইসকে ফিরিয়ে ইংল্যান্ডের জন্য প্রথম সাফল্য এনে দেন ওভারটন। এরপর কার্টি এসে ইংল্যান্ডের বোলারদের সামলে রাখেন। তাকে সঙ্গ দেন কিং। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে ইংলিশ বোলাররা কোনো সুবিধা করতে পারেনি। দুজন মিলে ২০৯ রানের জুটি গড়েন, যা ওয়েস্ট ইন্ডিজের জয়ের ভিত গড়ে দেয়। দুজনই সেঞ্চুরি করেন।
কার্টি অপরাজিত থেকে ওয়েস্ট ইন্ডিজকে জিতিয়ে মাঠ ছাড়লেও, তার আগেই কিং আউট হন। তবে ফেরার আগে ১১৭ বলে ১০২ রান করে ম্যাচ প্রায় নিশ্চিত করে যান এই ডানহাতি ব্যাটার। কার্টি অপরাজিত থাকেন ১১৪ বলে ১২৮ রান করে।
সাকিবের কীর্তি ছাড়িয়ে গেলেন আফগানদের 'নতুন মুজিব'
আঙুলের চোটে আফগান সিরিজ শেষ মুশফিকের
সাকিব আল হাসানের সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ