বিধ্বংসী জয়ে রেকর্ডের মালা

আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ১২:২৬ এএম

বহু প্রতীক্ষার পর ধরা দিল জয়। অস্ট্রেলিয়ার মাটিতে সেই ২০১৭ সালের জানুয়ারির পর ওয়ানডে জিতল পাকিস্তান। গতকাল ৯ উইকেটের জয় পেয়েছে মোহাম্মদ রিজওয়ানের দল। দুর্দান্ত পারফরমেন্সে হারিস রউফ-রিজওয়ানরা পরেছেন রেকর্ডের মালা।

অ্যাডিলেডে অস্ট্রেলিয়াকে মাত্র ৩৫ ওভারে ১৬৩ রানে গুটিয়ে দেওয়ায় মূল অবদান হারিস রউফের। গতি আর সুইংয়ের মিশেলে আগুনে ঝরিয়ে এই পেসার ৮ ওভারে ২৯ রান দিয়ে শিকার করেছেন ৫ উইকেট। ওয়ানডে ক্যারিয়ারে এটা তার দ্বিতীয় পাঁচ উইকেট। অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ উইকেট শিকার করা পাকিস্তানের নবম বোলার রউফ। বাইশ গজে রউফের এমন বিধ্বংসী বোলিংয়ের সময় উইকেটের পেছন থেকে ভরসা দিয়েছেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। ছয়টি ক্যাচ নিয়ে পাকিস্তানের কিপার স্পর্শ করেছেন বিশ্বরেকর্ড, এর মধ্যে চারটিই নিয়েছেন হারিসের বলে। রিজওয়ানের আগে ওয়ানডেতে উইকেটকিপারদের ৬ ক্যাচের ঘটনা আছে ১১টি। রান তাড়ায় নেমে সাইম আইয়ুব (৭১ বলে ৮২) এবং আব্দুল্লাহ শফিকের (৬৯ বলে অপরাজিত ৬৪) উদ্বোধনী জুটিতে এসেছে ১৩৭ রান।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত