রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের চাঞ্চল্যকর রাজ হত্যা মামলাসহ ৬টি মামলার অন্যতম প্রধান আসামি মো. আরমান ওরফে বোমা আরমানকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব-২। গত বৃহস্পতিবার জেনেভা ক্যাম্পের ভেতর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার র্যাব-২ এর সহকারী পুলিশ সুপার শিহাব করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ১ নভেম্বর মাদক বিক্রি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেনেভা ক্যাম্পের বুনিয়া সোহেল ও চুয়া সেলিম গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। সে সময় মো. আরমান ওরফে বোমা আরমান গ্রুপের ছোড়া বোমায় রাস্তায় চলাচলরত রাজসহ আরও ১০-১২ জন মানুষ গুরুতর আহত হয়।
শিহাব করিম আরও বলেন, স্থানীয়রা আহত রাজকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত রাজের খালাত বোন বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তিনি আরও বলেন, মামলায় জড়িত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায়, তথ্য-প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি দল মো. আরমান ওরফে বোমা আরমানকে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এলাকা থেকে গ্রেপ্তার করে।
আরমানকে রাজধানীর মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
