নাব্যতা সংকটের কারণে ফের আরিচা-কাজিরহাট রুটে ৭২ ঘণ্টার জন্য ফেরি চলাচর বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ফেরি সংস্থা বিআইডব্লিউটিসি। শনিবার (৯ নভেম্বর) এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় ঘাটে কয়েকশ ট্রাকসহ তিন শতাধিক যানবাহন আটকা পড়েছে। ফেরি চলাচল বন্ধের ঘোষণায় অনেক যানবাহন বিকল্প পথে গন্তব্যে রওয়ানা দিতে বাধ্য হয়।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, আরিচা-কাজিরহাট রুটের ড্রেজিং ইউনিট বেশ কিছু স্থানে জরুরী ভিত্তিতে পলি অপসারণের কাজ করায় অনন্ত ৭২ ঘণ্টা ফেরি চলাচলা বন্ধ থাকবে। ফলে, আগামী তিন দিন এ রুটে ফেরি চলাচল বন্ধ থাকবে।
বিআইডব্লিউটিসি আরও জানায়, আরিচা পয়েন্টে যমুনার পানি দ্রুত হারে কমতে থাকায় আরিচা-কাজিরহাট রুটে নাব্যতা সংকট সৃষ্টি হয়। ফেরি বোঝাই অবস্থায় চলাচল করতে অনন্ত ১০ ফুট নাব্যতা প্রয়োজন। কিন্তু প্রায় এক মাস যাবত এ রুটের বিভিন্ন স্থানে প্রয়োজনীয় নাব্যতা নেই। বিআইডব্লিউটিসির ড্রেজিং ইউনিট আরিচা, চরলতিফপুর, কাজিরহাট, কল্যাণপুর, মুন্সিখোলা,ব্যাটারির চর, কৈটোলা, আউয়ালবাট, বাঘাবাড়ি, নাকালিয়া, মোহনগঞ্জ এসব চ্যানেলে ড্রেজিং কার্যক্রম হাতে নেয়। কিন্তু পানি কমতে থাকায় ডুবো চর বিস্তৃতি লাভ করে। এতে, ড্রেজিং চালু থাকলেও স্রোতে চ্যানেল ভরাট হওয়ায় ফেরি চলাচল ব্যাহত হয়। ফলে গত ১ নভেম্বর রাত ৯টা থেকে প্রায় ৩৮ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।
এদিকে, এক সপ্তাহ পর একই কারণে শনিবার থেকে এ রুটে ৭২ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়। কর্মকর্তারা জানান, জরুরী ভিত্তিতে পলি অপসারণ ও ড্রেজিং পাইপ নিরাপদ রাখতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ঘাটে অপেক্ষায় থাকা পরিবহন চালক ও শ্রমিকরা জানান, দীর্ঘ সময় ঘাট এলাকায় অপেক্ষা করায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত সমস্যা সমাধান করে ফেরি চলাচল স্বাভাবিক করার জোর দাবী জানান।
ট্রাক চালক আক্কাস জানান, শুক্রবার রাত ১২টার দিকে ঘাটে পৌছে ফেরি চলাচল বন্ধ থাকায় অফেক্ষা করছি। জানতে পারলাম আগামী ৭২ ঘণ্টা ফেরি চলাচর বন্ধ থাকবে। ইতিমধ্যে অনেক ট্রাক বিকল্প সড়ক ব্যবহার করে ফিরে গেছে। আমরা চরম ভোগান্তিতে পড়েছি।
ফেরি সংস্থা বিআইডব্লিউটিসি আরিচা সেক্টর ম্যানেজার আবু আবদুল্লাহ দেশ রূপান্তরকে জানান, নাব্যতা নিরসনে জরুরি ভিত্তিতে ড্রেজিং কার্যক্রম চলছে। তবে চ্যানেলযোগে ফেরি চলাচলের উপযোগী না হওয়া পর্যন্ত অনন্ত ৭২ ঘণ্টা বন্ধ থাকবে। বিআইডব্লিউটিসির পরিচালক ও বিআইডব্লিউটিএর অতিরিক্ত ইঞ্জিনিয়ারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। সমস্যা সমাধানে জোর চেষ্টা চলছে।
আমার মতো হতে যেও না: সালমান খান
স্মার্ট কার্ডে টিসিবির পণ্য মিলবে কখন, যা জানা গেল