অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলকে সুইজারল্যান্ডে হেনস্তার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।
শনিবার (৯ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ও অধ্যাপক ড. আবদুস সালাম স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুলের সাম্প্রতিক রাষ্ট্রীয় সফরের সময় সুইজারল্যান্ডের জেনেভা এয়ারপোর্টে আওয়ামী লীগ দলীয় কতিপয় দুর্বৃত্ত তার সঙ্গে যে ন্যক্কারজনক ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে তাতে আমরা ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করছি।
বিবৃতিতে নেতারা বলেন, আমরা মনে করি, বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টার সঙ্গে বিদেশে এমন আচরণ শুধু শিষ্টাচারবিরোধী নয়, বরং এটি আমাদের জাতীয় মর্যাদার প্রতি অবজ্ঞা এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতিও চরম অবমাননার শামিল। আমরা এ ঘৃণ্য ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ করছি, ছাত্র-জনতার প্রবল গণঅভ্যুথানে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসরা দেশ ও দেশের বাইরে থেকে বর্তমান সরকার ও বাংলাদেশের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্রমূলক অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। বিদেশে পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট ও গণহত্যাকারী শেখ হাসিনা প্রতিনিয়ত তার দলীয় নেতাকর্মী এবং সন্ত্রাসীদের সরকার ও দেশের বিরুদ্ধে নানাভাবে উসকানি দিচ্ছে। এর ফলে জেনেভা এয়ারপোর্টে দুবৃত্তরা অধ্যাপক ড. আসিফ নজরুলকে হেনস্তার দুঃসাহস দেখিয়েছে বলে আমরা মনে করি।
সাদা দলের শিক্ষকরা বলেন, আমরা এ অবস্থার পুনরাবৃত্তি দেখতে চাই না। একই সঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।
ড্র হওয়া সদস্য পদের পুনঃনির্বাচন ৩০ নভেম্বর
ট্রাম্প কি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারবেন