দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে আরও আটজন মারা গেছে। এ নিয়ে এ বছর রোগটিতে মৃত্যু ৩৫০ জনে পৌঁছাল। এই সংখ্যা এ যাবৎকালের দেশে ডেঙ্গু প্রাদুর্ভাবের দ্বিতীয় সর্বোচ্চ। এ বছরের আগে পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু ছিল ২০২২ সালে। সে বছর মারা যায় ২৮১ জন। এ বছর সেই সংখ্যা অতিক্রম করে গত ২৯ অক্টোবর। সেদিন মৃত্যু ২৮৬ জনে পৌঁছে। এখন পর্যন্ত দেশে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছে গত বছর।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও ১ হাজার ১৩৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে এ বছর রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭১ হাজার ৫৬ জনে। এই সংখ্যা এ যাবৎকালের দেশে ডেঙ্গু প্রাদুর্ভাবের তৃতীয় সর্বোচ্চ। এর আগে দ্বিতীয় সর্বোচ্চ রোগী ছিল ২০১৯ সালে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন ও সর্বোচ্চ ২০২৩ সালে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের গতকাল শনিবার পাঠানো ডেঙ্গুর তথ্য বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে নতুন যে আটজন মারা গেছে, তা এ বছরের একদিনে মৃত্যুর তৃতীয় সর্বোচ্চ। এর আগে সেপ্টেম্বর ও অক্টোবরে আরও চারদিন আটজন করে মারা গেছে। এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছে ২ নভেম্বর ও দ্বিতীয় সর্বোচ্চ ৯ জন মারা গেছে ১২ অক্টোবর।
ডেঙ্গুতে নতুন মৃতদের মধ্যে পাঁচজনই নারী ও তিনজন প্রুুষ। তাদের মধ্যে ০-৫ বছর বয়সী এক কন্যাশিশু রয়েছে। সর্বোচ্চ চারজনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটিতে। এরপর বরিশাল বিভাগে দুজন এবং চট্টগ্রাম বিভাগ ও ঢাকা উত্তর সিটিতে একজন করে মারা গেছে।
এ নিয়ে এ মাসের ডেঙ্গুতে মৃত্যু অর্ধশত ছাড়াল। গত ৯ দিনে মারা গেছে ৫৩ জন। এ বছর এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যু হয়েছে অক্টোবরে ১৩৪ জনের। এরপর সেপ্টেম্বরে ৮০ জন, আগস্টে ২৭, জানুয়ারিতে ১৪, মে ও জুলাই মাসে ১২ জন করে, জুনে আট, মার্চে পাঁচ ও ফেব্রুয়ারিতে তিনজন মারা গেছে।
এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মারা গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৫৯ জন। এরপর ঢাকা উত্তর সিটিতে ৬৪, বরিশাল বিভাগে ৪১, চট্টগ্রাম বিভাগে ৩৮, খুলনা বিভাগে ২১, ঢাকা বিভাগে ১৬, ময়মনসিংহ বিভাগে সাত, রংপুর বিভাগে দুই ও রাজশাহী বিভাগে একজন মারা গেছে।
নতুন ডেঙ্গু রোগীদের মধ্যে অর্ধেকেরও বেশি, অর্থাৎ ৬৪ শতাংশ বা ৭২৬ জন পুরুষ ও ৩৬ শতাংশ বা ৪০৮ জন নারী। এ সময় সবচেয়ে বেশি ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ২৬১ জন ও সর্বনিম্ন দুজন সিলেট বিভাগে। এ ছাড়া ঢাকা উত্তর সিটিতে ২৪৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৩, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪৫, বরিশাল বিভাগে ১৩১, খুলনা বিভাগে ১১০, ময়মনসিংহ বিভাগে ৪১, রাজশাহী বিভাগে ৩৩ ও রংপুর বিভাগে পাঁচজন ভর্তি হয়েছে।
এ নিয়ে এ মাসের গত ৯ দিনে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৯ হাজার ২৩৯ জনে। এখন পর্যন্ত এ বছর সর্বোচ্চ রোগী ছিল অক্টোবরে ৩০ হাজার ৮৭৯ জন ও সর্বনিম্ন ৩১১ জন মার্চে।
