সুইজারল্যান্ডের জেনেভায় আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের সঙ্গে উদ্ধত আচরণের প্রতিবাদ এবং জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে অধস্তন আদালতের বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। গত শুক্রবার অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক মো. মোস্তানছির রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ জানানো হয়।
এতে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের সাম্প্রতিক রাষ্ট্রীয় সফরের সময় সুইজারল্যান্ডের জেনেভা এয়ারপোর্টে কিছু দুর্বৃত্ত কর্তৃক তার সঙ্গে ন্যক্কারজনক ও উদ্ধত আচরণের ঘটনা ঘটেছে। বিদেশের মাটিতে বাংলাদেশের একজন রাষ্ট্রীয় প্রতিনিধির সঙ্গে এমন আচরণ শুধু শিষ্টাচারবিরোধী নয়, বরং এটি আমাদের জাতীয় মর্যাদা, দেশপ্রেম এবং অন্তর্বর্তী সরকারের প্রতি চরম অবমাননার শামিল। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন এই অসভ্য আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।’
