নির্বাহী আদেশে কায়কোবাদের মামলা প্রত্যাহার দাবি হেফাজতের

আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ০৮:১৩ পিএম

নির্বাহী আদেশে সাবেক মন্ত্রী কায়কোবাদের মামলা প্রত্যাহারে দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাতে মুরাদনগর জামিয়া ইসলামিয়া মুজাফ্ফারুল উলুম মাদরাসার ইসলামী মহাসম্মেলনে হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা এ দাবি জানান।

মহাসম্মেলনে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী বলেন, ‘মুরাদনগরের সাবেক এমপি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের দাদা ছিলেন হাকিমুল উম্মত আশ্রাফ আলী থানভী রহ. এর সহপাঠী। তিনি এ মাদরাসা প্রতিষ্ঠা করেছেন। কায়কোবাদ সাহেবও আলেম ওলামাদের সাথে সুসম্পর্ক বজায় রাখেন।’

হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা শাইখ সাজিদুর রহমান নির্বাহী আদেশে শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের মামলা প্রত্যাহার করে সম্মানের সঙ্গে দেশে ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান। তিনি বলেন, আওয়ামী লীগের হাতিয়ার ছিল মিথ্যা বানোয়াট মামলা। আলেম ওলামাদের সাথে কায়কোবাদ দাদার সম্পর্ক দীর্ঘদিনের। তার আহ্বানে হেফাজতে ইসলামের সাবেক আমীর আল্লামা আহমদ শফী রহ. এ মাহফিলে এসেছিলেন। তিনি আলেমদের মোহাব্বত করেন। অবিলম্বে তার বিরুদ্ধে করা মিথ্যা সাজানো মামলা প্রত্যাহার করতে হবে।

কারানির্যাতিত হেফাজত নেতা আল্লামা মামুনুল হক কায়কোবাদকে 'ভাইজান' সমন্ধ করে বলেন, ‘এই জনপদের মজলুম জননেতা জনপ্রিয় সাবেক সাংসদ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ভাইজানের কথায় আজ এ মাহফিলে এসেছি। ওমরাহ থেকে আসার পর বিশ্রামের সুযোগ পায়নি। ভাইজানের কথা ফেলতে পারি না।’

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক মাওলানা গাজী এয়াকুব ওসমানী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই অবিলম্বে মজলুম জননেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে স্বসম্মানে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। তার বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

মুরাদনগর জামিয়া ইসলামিয়া মুজাফ্ফারুল উলুম মাদরাসার ১৩৩তম মহা সম্মেলনে হাজার হাজার মুসল্লিদের উপস্থিতিতে কুরআন হাদিসের আলোচনা পেশ করেন দেশ বরেণ্য আলেম ওলামাগণ। তারা মুরাদনগরের সাবেক ৫ বারের এমপি ও মন্ত্রী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের প্রশংসা ও তার বিরুদ্ধে আনিত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানান।

পরে দোয়া ও মোনাজাতে হেফাজতে ইসলামের আমির দেশ জাতির মঙ্গল কামনার পাশাপাশি মোফাজ্জল হোসেন কায়কোবারে সুস্থতা কামনায় দোয়া করেন। তিনি বলেন, মহান আল্লাহ কায়কোবাদকে আরো সম্মানিত করুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত