অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুলকে বিদেশে হেনস্তার প্রতিবাদ এবং সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রতিবাদী মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল। গতকাল রবিবার দুপুরে ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় তারা ‘ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ছাত্রলীগের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘আবু সাঈদ, মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, আবু সাঈদের রক্ত বৃথা যেতে দেব না’সহ বিভিন্ন ধরনের প্রতিবাদে স্লোগান দিতে থাকে।
এর আগে বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে দোয়েল চত্বর হয়ে টিএসসি ঘুরে কেন্দ্রীয় মসজিদ-মধুর ক্যান্টিন-লেকচার থিয়েটার থেকে শ্যাডো হয়ে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে ভিসি চত্বরে এসে পুনরায় টিএসসিতে শেষ হয়। পরে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটি।
সমাবেশে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়ে গিয়ে এখন পর্যন্ত তার নেতাকর্মীদের মিথ্যা প্রলোভন দেখিয়ে বাংলাদেশে আরেকটি প্রতিবিপ্লবের স্বপ্ন দেখেন। বাংলাদেশের রাজনীতির আঁতুড়ঘর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসসহ ক্যাম্পাসগুলোতে হাসিনা তার সেই খুনি, সন্ত্রাসী ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে তার ষড়যন্ত্রের জাল বুনেই যাচ্ছেন। কোনোভাবে ফ্যাসিবাদের দোসরদের কোনো সুযোগ দেওয়া যাবে না।’
সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘আওয়ামী দোসররা এখনো দেশ-বিদেশে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।’
