বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ‘হাসিনা কত নিষ্ঠুর, কত ছাত্র হত্যা করেছে। রাষ্ট্র ক্ষমতার জন্য কত নির্মম এরা ছিল। আল্লাহর গজব এদের ওপর পড়েছে। এখন আরেক দেশে বসে ট্রাম্পের (নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট) ছবি আশ্রয় করে তিনি বাঁচতে চান। আসেন না বাংলাদেশে, এত বড় বড় কথা বলেন, বাংলাদেশে আসেন। এখন জিয়াউর রহমান নেই, তার দল বিএনপি এখনো আছে। তার বাংলাদেশের জাতীয়তাবাদ আছে। আমরা সবাই মিলে এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করব।’
গতকাল রবিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জিয়া পরিষদ আয়োজিত ‘ঐতিহাসিক ৭ নভেম্বর : শহীদ রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান ও বাংলাদেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় হাফিজ এসব কথা বলেন।
হাফিজ বলেন, ‘বিগত ১৬ বছর আমাদের জন্য কঠিন সময় গিয়েছে। বাংলাদেশে আমরা আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছি। কিন্তু এরা যে কত নিষ্ঠুর, নির্মম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের আসল রূপটি প্রকাশ পেয়েছে। তবে ১৬ বছর ধরে বিএনপি এবং তার অঙ্গসংগঠনগুলো যে কঠিন আন্দোলনে লিপ্ত ছিল। অনেকে শহীদ হয়েছেন।’
বিএনপির এই নেতা বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি বাংলাদেশের এক বিরল ব্যক্তিত্ব, কিংবদন্তির নাম। বাঙালিদের সংকটের সময় ত্রাতা হয়ে আবির্ভূত হয়েছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। আর স্বাধীনতাযুদ্ধের সূচনা করেন অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ-অধিনায়ক মেজর জিয়াউর রহমান। কিন্তু এ দুঃসময়ে প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলেছেন যিনি, সৈনিকদের আহ্বান জানিয়েছেন, ছাত্রদের আহ্বান জানিয়েছেন স্বাধীনতাসংগ্রামের সূচনা করেছেন, সেই মহান নেতা জিয়াউর রহমানকে উপযুক্ত মর্যাদা কখনোই আওয়ামী লীগ দেয়নি। তারা সেই আগের বর্ণিত স্বাধিকার আন্দোলন স্বায়ত্তশাসনের আন্দোলনকেই স্বাধীনতার আন্দোলন বলে চালিয়ে দেন।’
জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. শফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা মোয়াজ্জেম হোসেন আলাল, রফিক শিকদার, জিয়া পরিষদের মহাসচিব ডক্টর ইন্তাজ হোসেন প্রমুখ।
