ফের শ্রমিকদের দখলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০৮:৪৩ পিএম

টানা ৫৩ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহারের পর আবারও সেটি দখলে নিয়েছেন আন্দোলনরত শ্রমিকরা। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যার পর মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে সেনাবাহিনী চেষ্টা করলেও ব্যর্থ হয়। এরপর শ্রমিকরা পুনরায় সড়ক দখলে নেয়।

এর আগে সোমবার বেলা পৌনে ৩টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নিলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু করে। পরে ফের মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। শুধু আশ্বাস নয়, বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ অব্যাহত রাখে।

বকেয়া বেতন পরিশোধের দাবিতে গত শনিবার (৯ নভেম্বর) সকাল ৯টা থেকে একটানা বিক্ষোভ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে টিএনজেড গ্রুপের পোশাক শ্রমিকরা। তিনদিন ধরে চলা অবরোধ নিরসনে পুলিশ, প্রশাসন, সেনাবাহিনীরসহ সরকারের বিভিন্ন সংস্থা বারবার চেষ্টা করেও এর সমাধান করতে পারছে না।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, গাজীপুর সিটি করপোরেশনের মালেকের বাড়ি কলম্বিয়া এলাকায় টিএনজেড গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা গত কয়েক মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। আগামী রবিবারে মধ্যে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে পোশাক শ্রমিকরা অবরোধ তুলে নেন। তবে বেতন কীভাবে দেওয়া হবে তা নিয়ে আলোচনা করা হবে।

তবে বকেয়া বেতনের টাকা হাতে না পাওয়া পর্যন্ত মহাসড়ক থেকে সরবেন না বলে জানান শ্রমিকরা। শ্রমিকরা জানান, তাদের বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু বকেয়া বেতনের টাকা হাতে না পাওয়া পর্যন্ত মহাসড়ক থেকে সরবেন না তারা।

পরে মুঠোফোনে শ্রমিকদের সঙ্গে কথা বলেন শ্রম ও কর্মসংস্থান সচিব এ এইচ এম সফিকুজ্জামান। সচিব বলেন, ‘আগামী রোববারের মধ্যে সরকার টিএনজেড গ্রুপের শ্রমিকদের বেতন পরিশোধের জন্য ৬ কোটি টাকা অনুদান হিসেবে দেবে।’

তিনি বলেন, ‘শ্রমিকদের অন্যান্য দাবি ও পাওনা কীভাবে, কবে পরিশোধ করা হবে তা আলোচনার জন্য শ্রমিকদের একটি প্রতিনিধি দলকে ঢাকায় আমন্ত্রণ জানানো হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত