চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী এবং শেখ বশির উদ্দিনকে অর্ন্তবর্তী সরকারের উপদেষ্টা করায় আয়োজিত প্রতিবাদ সভা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের কর্মী সন্দেহে আটকের পর হেফাজত ইসলামের ছয় কর্মীকে ছেড়ে দিয়েছে চট্টগ্রাম নগর পুলিশ।
আজ সোমবার (১১ নভেম্বর) বিকেলে নগরের জামালখান প্রেসক্লাবের সামনে ‘তাওহিদী ছাত্র জনতা’ সংগঠনের ব্যানারে আয়োজিত সভা থেকে তাদের আটক করা হয়। আটকের পর ছেড়ে দেওয়া হেফাজতকর্মীরা হলেন- শিবলী নোমান, ওসামা, মবিন, রিয়াজুল, জুনায়েদ, ও মাশফিক।
কোতোয়ালী থানার ওসি ফজলুল কাদের চৌধুরী বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর সদস্যরা চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করার খবর পেয়ে ঘটনাস্থল যায় পুলিশ। পরে সেখান থেকে ৬ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ এবং ব্যবহৃত মুঠোফোন যাচাই করে তারা হেফাজতে ইসলামের কর্মী বলে নিশ্চিত হয়েছি। পরে মুচলেকা নিয়ে আটকদের হেফাজতের নেতৃবৃন্দের জিম্মায় ছেড়ে দিয়েছি।’
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার কাজী মো. তারেক আজিজ বলেন, ‘ওই যুবকদের সাথে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সংশ্লিষ্টতা আছে এমন সন্দেহের ভিত্তিতে আটক করা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে জানা গেছে তারা হেফাজত ইসলামের কর্মী। পরে হেফাজত নেতা মুফতি হারুন ইজহারের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।’
আলীকদম সীমান্তে অনুপ্রবেশকালে ৮১ রোহিঙ্গা আটক