মিরাজদের নতুন সমস্যা, ডট বল খেলার প্রবণতা

আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ১১:৪৮ এএম

দলের বিপর্যয়ে হাল ধরে ১৯১ বলে মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদি হাসান মিরাজ গড়েছিলেন ১৪৫ রানের জুটি। শারজাহতে যেকোনো উইকেটে এটাই বাংলাদেশের সর্বোচ্চ জুটি। যে পথে মিরাজ ১১৯ বলে ৬৬ রান করে আউট হয়েছেন। ফিফটির দেখা পেয়েছেন ১০৬ বলে। এই ইনিংসটি বাংলাদেশের একদিনের আন্তর্জাতিকের ইতিহাসে দ্বিতীয় ধীরগতির ফিফটি হিসেবে স্থান পেয়েছে। পরিস্থিতি সামাল দিলেও, পুরো ম্যাচে ডট বল খেলার প্রবণতা ছিল লক্ষ্যণীয়। মিরাজ তার ক্যারিয়ারের চতুর্থ ফিফটির পথে অতিরিক্ত ডট বল খেলেছেন।

যার ফলে বাংলাদেশের ব্যাটসম্যানদের ডট বল খেলার প্রবণতা নিয়ে আবারও প্রশ্ন উঠছে। আফগানিস্তানের বিপক্ষে সাম্প্রতিক ওডিআই সিরিজের ম্যাচে ডট বলের সংখ্যা নিয়ে আলোচনা শুরু হয়েছে।ম্যাচ হারের পর ব্যাটসম্যানদের ডট বল খেলার অভ্যাস নিয়ে সমালোচনা আরও বাড়িয়ে দিয়েছে।

অতিরিক্ত ডট বল মিরাজের ক্যারিয়ার ট্রেন্ড

২০১৭ সালে ওয়ানডে ক্যারিয়ার শুরু করার পর থেকে প্রতি বছরই ৫০ শতাংশের বেশি ডট বল খেলেছেন মেহেদি হাসান মিরাজ। ২০২৩ সালে ২৪টি ম্যাচে ৬৮৩টি বল মোকাবিলা করে তিনি ৫৩.৩ শতাংশ ডট বল খেলেছেন। এই বছর তা বেড়ে বর্তমানে ৫৭ শতাংশে পৌঁছেছে, যা তার ক্যারিয়ারের গড়ে ৫৫ শতাংশ ডট বলের অনুপাতে বেশ উল্লেখযোগ্য।

তরুণ ওপেনার তানজিদ তামিমের উচ্চ ডট বল হার

জাতীয় দলের তরুণ ওপেনার তানজিদ তামিম, ১৮টি ম্যাচে ১৭ ইনিংসে মোট ৩০৭ রান করেছেন। তার প্রায় ৭৩ শতাংশ রান বাউন্ডারি থেকে এসেছে, তবে ডট বল খেলায় তারও প্রবণতা রয়েছে। চলতি বছর তিনি ৫৯ শতাংশ ডট বল খেলেছেন এবং দুই বছরের ক্যারিয়ারে ডট বলের হার ৬১.৬ শতাংশে পৌঁছেছে।

অভিজ্ঞদের মধ্যে মাহমুদউল্লাহ, লিটন দাস, এবং তামিম ইকবাল

মাহমুদউল্লাহ রিয়াদ, যিনি গতকাল ৯৮ রান করেছেন, তার ১৭ বছরের ক্যারিয়ারে ডট বল খেলার হার ৫৩ শতাংশের বেশি। লিটন দাস, যিনি আন্তর্জাতিক ক্রিকেটে ৯ বছর পার করেছেন, ক্যারিয়ারে ৫৪.৩ শতাংশ ডট বল খেলে এসেছেন। তামিম ইকবাল, জাতীয় দলে দীর্ঘ সময় ধরে থাকা ব্যাটসম্যান, তার ক্যারিয়ারে ডট বলের হার ৫৭ শতাংশের বেশি।

তুলনামূলক কম ডট বলের হার সাকিব এবং মুশফিকের

দীর্ঘ ক্যারিয়ারে সাকিব আল হাসানের ডট বল খেলার হার ৪৯.২ শতাংশ, যা বাকিদের তুলনায় বেশ ভালো। মুশফিকুর রহিমও এই দিক থেকে ভাল অবস্থানে রয়েছেন, তার ডট বল খেলার হার ৫০ শতাংশের নিচে।

ডট বল প্রবণতা কম তাওহীদ হৃদয়ের

তরুণ ব্যাটসম্যান তাওহীদ হৃদয়, যিনি ২৯টি ম্যাচে ১,০৫০ রান করেছেন, তার ডট বলের হার ৪৭.৯ শতাংশ, যা বাকিদের তুলনায় তুলনামূলক কম। তবে এখনও ৪০ শতাংশের ওপরে থাকা অধিকাংশ জাতীয় দলের প্রতিষ্ঠিত ব্যাটসম্যানদের ডট বল প্রবণতা বাংলাদেশ দলের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত