গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করবে তরুণ নেতৃত্ব

আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ১২:০৬ পিএম

তরুণ নেতৃত্বই দেশে সুষ্ঠু গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করতে পারে বলে মত দিয়েছেন সিলেটের এক আলোচনা সভায় উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী, রাজনীতিবিদ, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেন, নাগরিক অধিকার, নিরপেক্ষ ভোটাধিকার ও বৈষম্যহীন দেশ গঠনে তরুণদের জাগরণী শক্তিকে পুঁজি করে এগিয়ে যাওয়ার বিকল্প নেই।

গত সোমবার দুপুরে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে ‘আইনের শাসন ও গণতন্ত্রে আগামী বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। ইউএসএআইডির অর্থায়নে ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইনের আওতায় এই আলোচনা সভা হয়।

সভায় জেলা বিএনপির সহসভাপতি সামিয়া চৌধুরী বলেন, ‘নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই হলো আইনের শাসনের মূল কথা। আগামীর বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে গণতন্ত্রকে সুদৃঢ় করতে হবে।’

স্বচ্ছতা ও জবাবদিহির ভিত্তিতে সুশাসন কায়েম করতে তরুণ নেতৃত্বকে অগ্রাধিকার দেওয়ার প্রতি জোর দিয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিলেট ব্যুরো প্রধান সেলিম আউয়াল। তিনি বলেন, তরুণ প্রজন্ম দেশকে নিয়ে নতুনভাবে কাজ করার সুযোগ তৈরি করে দিয়েছে। তাই দেশের সার্বিক কল্যাণে তরুণ নেতৃত্বকে অগ্রাধিকার দিতে হবে।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার নাইমুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন সিলেট জেলা মহিলা দলের সভাপতি তাহসীন শারমিন তামান্না, লিডিং ইউনিভার্সিটির শিক্ষক সাবেরা সুলতানা, মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজি, সিলেট জেলা বিএনপির সহসভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল ও মহানগর বিএনপি নেতা মুকুল আহমদ মোর্শেদ

আলোচনা সভা ছাড়াও ইন্টারেক্টিভ থিয়েটার, কুইজ ও ভিডিও মেসেজ প্রতিযোগিতা এবং ক্যাম্পেইনের রিল প্রদর্শনী হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

ইউএসএআইডির স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ (এসপিএল) প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইনের মাধ্যমে সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলায় আলোচনা সভা, নাট্য প্রদর্শনী, বিতর্ক প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি পরিচালনা করছে। ক্যাম্পেইনটির আওতায় www.amiojittechai.com ওয়েবসাইটের মাধ্যমে নাগরিকদের দাবি ও মতামতও নেওয়া হচ্ছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত