আইপিএলের নিলামের আগে লোকেশ রাহুলকে ছেড়ে দেয় লাখনৌ সুপার জায়ান্টস। যা স্বস্তি দিয়েছে ভারতীয় ক্রিকেটারকে। গত মৌসুমে দলের অধিনায়ক ছিলেন তিনি। সেই দল ছেড়ে এবার যেন হাঁপ ছেড়ে বাঁচলেন তিনি।
আইপিএলের নিলামে উঠবেন রাহুল। লাখনৌয়ের প্রাক্তন অধিনায়ক হয়তো অন্য কোনো দলের হয়ে খেলবেন। তবে লাখনৌয়ে যে ফিরবেন না, তা এক প্রকার স্পষ্ট। সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রকাশ্যে দলটির মালিকের সমালোচনা করেছেন তিনি।
রাহুল বলেন, ‘আমি নতুন ভাবে শুরু করতে চাই। অন্য দলের হয়ে খেলে অভিজ্ঞতা অর্জন করতে চাই। এমন জায়গায় খেলতে চাই যেখানে আমি স্বাধীনতা পাব। দলের পরিবেশ ভাল হবে। মাঝে মাঝে দল বদলালে নিজের জন্য ভাল হয়। বেশ কিছু দিন ধরেই আমি ভারতের টি-টোয়েন্টি দলের বাইরে। কিন্তু ক্রিকেটার হিসাবে আমি কেমন, তা ভাল ভাবেই জানি। ফর্মে ফিরতে আমাকে কী করতে হবে সেটাও জানি। আগামী আইপিএল মৌসুমে আশা করি ক্রিকেটটা উপভোগ করতে পারব। আমার লক্ষ্য আবার ভারতের টি-টোয়েন্টি দলে ফেরা।’
২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে রাহুল আর ভারতীয় দলে ফিরতে পারেননি। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলেও ছিলেন না তিনি। লাখনৌয়ের হয়ে ৩৮টি ম্যাচ খেলেছেন রাহুল।
২০২২ সালেই রাহুলকে নিয়েছিল লাখনৌ। সেই সময় তার জন্য ১৭ কোটি টাকা খরচ করেছিলেন সঞ্জীব গোয়েনকা। লাখনৌয়ের হয়ে ১ হাজার ৪১০ রান করেছেন রাহুল। গড় ৪১.৪৭। স্ট্রাইক রেট ১৩০.৬৭। তিনি যে আর লাখনৌয়ে ফিরছেন না তা বলাই যায়। আগামী মৌসুমে লাখনৌ নতুন অধিনায়ক পেতে চলেছে।
নিলামে যে ১০ ক্রিকেটারে চোখ থাকবে কলকাতার
চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত বা পাকিস্তান সরে গেলে কত টাকা ক্ষতি হবে আইসিসির