সঠিক চিকিৎসার দাবিতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালের (পঙ্গু) সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গণঅভ্যুত্থানে আহতরা। আজ বুধবার (১৩ নভেম্বর) রাত ১০টার মধ্যে স্বাস্থ্য, তথ্য, যুব ও সমাজকল্যাণ উপদেষ্টাকে ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আল্টিমেটাম দিয়েছেন তারা।
বুধবার রাতে আহতরা হাসপাতালের সামনের সড়কে অবস্থান নেন। এদের কেউ আছেন হুইল চেয়ারে, আবার কেউ ভাঙা পা নিয়েই সড়কে বসে আছেন। উপদেষ্টারা না আসা পর্যন্ত সড়ক ছাড়বেন না বলে জানিয়েছেন তারা।
এদিকে সড়কে অবস্থান নেওয়া আহতদের সঙ্গে একাত্মতা জানিয়েছেন বৈষম্যবিবরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন, তাদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে অন্তর্বর্তী সরকার। কিন্তু আজও আহতদের সুচিকিৎসা নিশ্চিত না হওয়া সরকারের বড় ব্যর্থতা।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম নিটোর পরিদর্শনে যান। তারা চতুর্থ তলার পুরুষ ওয়ার্ডে এক ঘণ্টারও বেশি সময় নিয়ে ঘুরে দেখেন। তবে তৃতীয় তলায় আন্দোলনে আহতদের তিনি দেখতে যাননি। এ ঘটনায় আহতরা ক্ষোভ প্রকাশ করেন। পরে তারা স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের গাড়ি আটকে দেন। পরিস্থিতি বেগতিক দেখে স্বাস্থ্য উপদেষ্টা ব্রিটিশ হাইকমিশনারের গাড়িতে উঠে হাসপাতাল ত্যাগ করেন।
উপদেষ্টাদের নিয়ে জনগণের অনাগ্রহ থাকলে খতিয়ে দেখা হবে: মাহফুজ আলম
শ্রমিকদের মহাসড়ক অবরোধে ইন্ধন, টিএনজেডের পরিচালক গ্রেপ্তার 