লিবিয়া থেকে অনিয়মিত ১৪৩ বাংলাদেশিকে দেশে পাঠানো হয়েছে। এ ছাড়া তিউনিশিয়ায় আটকে পড়া ১৮ বাংলাদেশি দেশে ফিরেছেন।
গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
মন্ত্রণালয় থেকে পাঠানো তথ্যমতে, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় লিবিয়ার বেনগাজি ও তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে স্বেচ্ছায় দেশে আসতে ইচ্ছুক আটকে পড়া ১৪৩ অনিয়মিত বাংলাদেশি নাগরিককে বুধবার সকাল ৬টা ১৫ মিনিটে বুরাক এয়ারের চার্টার্ড ফ্লাইটে করে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে।
গতকাল ভোর ৫টা ২৫ মিনিটে টিকে-৭১২ ফ্লাইট যোগে তিউনিশিয়ায় আটকে পড়া ১৮ অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবাসন করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত এসব অসহায় বাংলাদেশি নাগরিককে অভ্যর্থনা জানান।
তিউনিশিয়া থেকে প্রত্যাবাসন করা প্রত্যেককে ৫ হাজার ৪৫০ টাকা এবং লিবিয়া থেকে প্রত্যাবাসন করা প্রত্যেককে ৬ হাজার টাকা, কিছু খাদ্যসামগ্রী দেওয়া হয় এবং জরুরি প্রাথমিক চিকিৎসা ও অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয় আইওএমের পক্ষ থেকে।
