প্রত্যাশাতীত যেকোনো কিছু আনন্দের। সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যদের সে রকমই একটা আনন্দের উপলক্ষ এনে দিয়েছে বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক পিএলসি। ব্যাংকটি দলের সব খেলোয়াড় এবং স্টাফদের সম্মাননা প্রদান করেছে গতকাল বৃহস্পতিবার। সংবর্ধনা অনুষ্ঠানেই ফুটবলার ও স্টাফদের আর্থিক পুরস্কারও তুলে দেওয়া হয়। ২৩ জনের দলের প্রতি খেলোয়াড় সাউথইস্ট ব্যাংকের পক্ষ থেকে পেয়েছেন ৩ লাখ টাকা করে। এ ছাড়া ৯ স্টাফদের প্রত্যেকে পেয়েছেন ১ লাখ টাকার চেক। ব্যাংকটির এভাবে এগিয়ে আসায় মেয়েরা যেমন বিস্মিত, অভিভূতও।
৩০ অক্টোবর নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় স্বাগতিক দলকে ফাইনালে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার সেরার আসন নিজেদের করে নেন সাবিনা-তহুরারা। অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পরপরই অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দলের জন্য ১ কোটি টাকার পুরস্কারের ঘোষণা দেন। সেই অর্থ তাদের হাতে তুলেও দেওয়া হয়। এ ছাড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নবনির্বাচিত কমিটি তাদের প্রথম সভায় সাফজয়ী দলের জন্য দেড় কোটি টাকার বোনাস ঘোষণা করে। এ ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড দলের জন্য ২০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেয়। সাউথইস্ট ব্যাংকের বিষয়টি এতদিন আলোচনায় ছিল না। এর নেপথ্যে কাজ করেছেন সাবেক তারকা ও বাফুফের নতুন কমিটির নির্বাহী সদস্য ছাইদ হাছান কানন। তার উদ্যোগে ব্যাংকটি মেয়েদের অনুপ্রাণিত করার সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্তর বাস্তবায়ন ঘটেছে গতকাল। সাউথইস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে অদম্য নারী খেলোয়াড়দের অভিবাদন জানাতে বাফুফে ও ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান এম এ কাশেম অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক আজিম উদ্দিন আহমেদ, জোসনা আরা কাশেম, দুলুমা আহমেদ, নাসির উদ্দিন আহমেদ এবং স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দীন মো. ছাদেক হোসাইন অনুষ্ঠানটি পরিচালনা করেন।
অনুষ্ঠানে সাফজয়ী নারী দলকে ৭৮ লাখ টাকার উপহার দেওয়া হয় ব্যাংকটির পক্ষ থেকে। এ ছাড়া প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টের বিপরীতে একটি করে দেশে এবং বিদেশে ব্যবহারযোগ্য ভিসা ডেবিট কার্ড হস্তান্তর করা হয়।
বাংলাদেশে কোনো বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে সাউথইস্ট ব্যাংকই প্রথম সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা এবং আর্থিক সম্মাননা প্রদান করেছে। এই সংবর্ধনা নারী ফুটবলের প্রতি ব্যাংকটির অবিচল সমর্থন এবং দেশের ক্রীড়া উন্নয়নের প্রতি তাদের দায়বদ্ধতার প্রতিফলন। সাউথইস্ট ব্যাংক নারী ক্রীড়ার উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘সাফ চ্যাম্পিয়নশিপে লাল-সবুজের অদম্য মেয়েরা যেভাবে নেপালের বিপুল সমর্থকদের চ্যালেঞ্জকে অতিক্রম করে বিজয় ছিনিয়ে এনেছে, তা জাতিকে গর্বিত করেছে এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। আমাদের দেশের অদম্য মেয়েরা উন্নত সুযোগ-সুবিধা ছাড়াই, অনেক সংগ্রাম এবং পরিশ্রম করে এই পর্যায়ে সাফল্য এনে দিয়েছে। সাউথইস্ট ব্যাংক বরাবরের মতো নারীর ক্ষমতায়ন, অধিকার এবং নারী ক্রীড়ার প্রতি তার অবিচল সমর্থন এবং বাংলাদেশের সার্বিক ক্রীড়াঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’
এমন অপ্রত্যাশিত প্রাপ্তির প্রতিক্রিয়ায় নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘সাউথইস্ট ব্যাংক এভাবে এগিয়ে আসায় তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। এ রকম একটা সম্মাননা পাব এটা ছিল একেবারে অপ্রত্যাশিত। এভাবে অন্য প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে একদিন আমরা এশীয় পর্যায়ে ভালো করার স্বপ্ন দেখতে পারব।’
