অস্ট্রিয়াকে আর গ্যাস দেবে না রাশিয়া

  • পশ্চিম ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়া থেকে গ্যাস আমদানি শুরু করেছিল অস্ট্রিয়া
  • অস্ট্রিয়াতে শনিবার থেকে ইউক্রেনের মাধ্যমে গ্যাস সরবরাহ স্থগিত করবে রাশিয়া
আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ১১:৪০ এএম

ইউরোপের দেশ অস্ট্রিয়াকে গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে যাচ্ছে রাশিয়া। আজ শনিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে দেশটি। এই সিদ্ধান্তের মাধ্যমে ইউরোপের যে গুটিকয়েক দেশে এখনো গ্যাস সরবরাহ করছে রাশিয়া, সেখানে দ্রুত ইতি টানার ইঙ্গিত দেওয়া হলো।

শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়া শুক্রবার অস্ট্রিয়াকে জানিয়েছে যে, শনিবার থেকে ইউক্রেনের মাধ্যমে গ্যাস সরবরাহ স্থগিত করবে তারা। রাশিয়া মূলত ইউরোপের দেশগুলোতে ইউক্রেন হয়ে সোভিয়েত আমলের প্রাচীন একটি পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করে থাকে।

এই পাইপলাইনটি ইউরোপে রাশিয়ার প্রাচীনতম গ্যাস-রপ্তানি রুট, যা এই বছরের শেষের দিকে বন্ধ হতে চলেছে৷

এই স্থগিতাদেশের ফলে রাশিয়া এখন শুধু হাঙ্গেরি ও স্লোভাকিয়ায় উল্লেখযোগ্য গ্যাস সরবরাহ করবে। যদিও ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর আগে ইউরোপীয় ইউনিয়নের মোট গ্যাস চাহিদার ৪০ শতাংশ মেটাতো মস্কো।

পশ্চিম ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়া থেকে গ্যাস আমদানি শুরু করেছিল অস্ট্রিয়া। এই জন্য ১৯৬৮ সালে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে একটি গ্যাস চুক্তি স্বাক্ষর করেছিল দেশটি। এই চুক্তি সোভিয়েত ইউনিয়নের চেকোস্লোভাকিয়ায় আক্রমণের কয়েক মাস আগেই হয়।

তবে চলতি বছর রাশিয়ার গ্যাজপ্রম এবং অস্ট্রিয়ার ওএমভির মধ্যে একটি চুক্তিগত বিরোধের কারণে এই সম্পর্কের সমাপ্তি ঘটতে যাচ্ছে। মধ্য ইউরোপীয় গ্যাস হাব প্ল্যাটফর্মে এক নোটিশে ওএমভি জানিয়েছে, গ্যাজপ্রমের তরফ থেকে তাদের বলা হয়েছে, শনিবার থেকে সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। তবে এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে গ্যাজপ্রম।

এদিকে অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার জানিয়েছেন যে, ‘রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ করার বিষয়ে যথেষ্ট প্রস্তুতি নিয়েছে অস্ট্রিয়া। তাদের যথেষ্ট গ্যাস মজুদ রয়েছে এবং শীতে কোন সমস্যা হবে না।‘

অন্যদিকে অস্ট্রিয়ার বৃহত্তম জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান ওএমভি জানিয়েছে যে, রাশিয়ান গ্যাসের বদলে জার্মানি, ইতালি এবং নেদারল্যান্ডসের মাধ্যমে গ্যাস আমদানির জন্য কাজ করে যাচ্ছে তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত