বিশ্বমঞ্চে রংপুর রাইডার্স

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০১:৪৮ এএম

গায়ানায় নভেম্বরের ২৬ থেকে মাঠে গড়াবে গ্লোবাল সুপার লিগ ক্রিকেট। ১ মিলিয়ন ডলার প্রাইজমানির এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের ৫টি দল অংশ নেবে, এর মধ্যে আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল রংপুর রাইডার্স। আগামীকাল থেকে ভাগে ভাগে গায়ানার উদ্দেশ্যে দেশ ছাড়বেন দলটির ক্রিকেটাররা, তার আগে শনিবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে নিজেদের প্রস্তুতি ও লক্ষ্যের কথা জানিয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান ও টিম ডিরেক্টর শানিয়ান তানিম। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।

আসরের বাকি ৪ দল হচ্ছে গায়ানা আমাজন ওয়ারিয়র্স (সিপিএল), হ্যাম্পশায়ার হকস (টি২০ ব্লাস্ট), লাহোর কালান্দারস (পিএসএল) ও ভিক্টোরিয়া (শেফিল্ড শিল্ড/ওয়ান-ডে কাপ)। দলগুলোতে আছেন বিশ্ব ক্রিকেটের পরিচিত সব মুখ। গায়ানা দলের অধিনায়ক ইমরান তাহির, ক্যারিবীয় তারকাদের ভেতর শাই হোপ, শিমরন হেটমায়ার, রোমারিও শেফার্ড আছেন, তেমনি আছেন বাংলাদেশের তানজিম হাসান সাকিবও। হ্যাম্পশায়ারে ইংলিশ পেসার ক্রিস উড ছাড়াও আছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পরিচিত মুখ বেনি হাওয়েল। লাহোর কালান্দারসে শাহিন শাহ আফ্রিদির সঙ্গে তাবরেজ শামসি, কার্লোস ব্র্যাথওয়েটদের খেলার কথা রয়েছে। ভিক্টোরিয়া দলেও অস্ট্রেলিয়ার স্থানীয় ক্রিকেটারদের পাশাপাশি বেশ ক’জন ভিনদেশি ক্রিকেটারও আছেন, তাদের  মধ্যে মার্কিন নাগরিকত্ব নেওয়া কিউই কোরি অ্যান্ডারসন উল্লেখযোগ্য নাম।

রংপুর রাইডার্স বিপিএলের আসন্ন মৌসুমের জন্য যে দলটা গড়েছে, স্থানীয় ক্রিকেটারদের ভেতর তাদের বেশিরভাগকেই তারা পাচ্ছে এই টুর্নামেন্টের জন্য। অধিনায়ক নুরুল হাসান সোহান, স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদি হাসান, পেস বোলিং অলরাউন্ডার সৌম্য সরকার, সাইফ উদ্দিনরা আছেন। বিদেশি ক্রিকেটার হিসেবে দেখা যাবে খুশদিল শাহ, ম্যাথু ফোর্ডসহ কয়েকজন মার্কিনি ক্রিকেটারকে। শানিয়ান জানালেন, ‘আসরের নিয়ম হচ্ছে একাদশে ৬ জন স্থানীয় ক্রিকেটার আর ৫ জন পর্যন্ত বিদেশি ক্রিকেটার খেলানো যাবে।’

আসরে অংশগ্রহণের জন্য বিমানভাড়া ও খেলোয়াড়দের পারিশ্রমিক, সবই ফ্র্যাঞ্চাইজিদের নিজস্ব তহবিল থেকেই দিতে হবে। তবে ১০ লাখ ডলারের আর্থিক পুরস্কার আছে এই আসরে। বিজয়ী দল অর্থাৎ ফাইনালের জয়ী দল পাবে ৫ লাখ ডলার। রাউন্ড রবিন পর্যায়ে প্রতি ম্যাচের জন্য জয়ী দল পাবে ২৫ হাজার ডলার, আসরের রানার্স আপ দল পাবে ২ লাখ ৫০ হাজার ডলার।

বিসিবি পরিচালক ফাহিম রংপুরকে শুভকামনা জানিয়ে বলেছেন, ‘শুধু ভালো করাই না, এটা একটা অভিজ্ঞতা কিন্তু আমাদের অনেক জাতীয় দলের খেলোয়াড়ও এর মধ্যে যাচ্ছে। সবার জন্যই এটা একটা অভিজ্ঞতা হবে। রংপুর রাইডার্স শুধু তাদের প্রতিনিধিত্ব করছে তা না, তারা বিসিবিকে কিংবা তার চেয়েও বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে এই টুর্নামেন্টে। আমি আশা করব তারা তাদের সেরা খেলাটা খেলার চেষ্টা করবে। আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করবে।’

প্রস্তুতি সম্পর্কে অধিনায়ক সোহান জানিয়েছেন, ‘সত্যি বলতে আমরা জাতীয় লিগের ম্যাচ খেলছিলাম। শেষ চারদিন আমরা একসঙ্গে অনুশীলন করেছি। আমার কাছে মনে হয় ওখানে গিয়ে তিন চারদিন অনুশীলনের একটা সুযোগ পাব। আমি লাস্ট ওডিআই সিরিজ ওখানে খেলেছিলাম, গায়ানার উইকেট ও বাংলাদেশের উইকেট কিছুটা একই। কোচ মিকি আর্থারের সঙ্গে কথা হয়েছে পুরো দলের, কী পরিকল্পনা নিয়ে আমরা যেতে পারি এবং কেমন পরিস্থিতি হতে পারে সেটার একটা ধারণা সবাই পেয়েছে। ওখানে যাওয়ার পর তিন চারদিন অনুশীলনের সুযোগ পাব, সেটা কাজে লাগানোর চেষ্টা করব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত