ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশের অংশ নেওয়ার বিষয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর, বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে দীর্ঘ ২৮ বছরের ধারাবাহিকতায় ছেদ পড়তে চলেছে।
বরাবরের মতো ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা হবে কলকাতার সল্টলেকে। ২৮ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারও মেলা উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলার থিম কান্ট্রি জার্মানি। এবারও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, স্পেন, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়া এবং লাতিন আমেরিকার অন্যান্য দেশ অংশ নেবে।
মেলায় থাকবে ভারতের বিভিন্ন রাজ্যের স্টল-প্যাভেলিয়ন।
এ বছরের মেলার আয়োজক কমিটির সভাপতি ও পাবলিশার্স অ্যান্ড বুক সেলারস গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় কলকাতায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, মেলায় বাংলাদেশ অংশ নিচ্ছে কি না, সে বিষয়ে সরকারি কোনো নির্দেশনা তাদের কাছে আসেনি।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের পরবর্তী পরিস্থিতির দিকে ইঙ্গিত করে ত্রিদিব বলেন, বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সরকারের কাছ থেকে কোনো নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমরা বাংলাদেশের অংশগ্রহণ সম্পর্কে কিছু বলতে পারব না।
১৯৯৬ সালে কলকাতায় প্রথমবার মেলায় অংশ নেয় বাংলাদেশ। এরপর ১৯৯৯ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলা উদ্বোধন করেছিলেন; সেবারে মেলার থিম রাখা হয়েছিল ‘বাংলাদেশ’। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এলেও সেই ধারাবাহিকতার বিরাম দেখা যায়নি। এরপরেও প্রতিবেশী দেশটির বইমেলায় বাংলাদেশ নিয়মিতভাবে স্টল দিয়েছে।
তবে এ বছর শেষ অবধি কী হবে সেটি নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে। বাংলাদেশ থেকে যেসব প্রকাশনী ওই মেলায় নিয়মিত অংশ নিয়ে এসেছে তাদের পক্ষ থেকেও কিছু বলা হয়নি।
