ক্যানসারের কাছে হার মেনেছেন ‘পথের পাঁচালী’র ‘দুর্গা’ অর্থাৎ উমা দাশগুপ্ত। সোমবার সকাল ৮টার দিকে ইন্তেকাল করেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন পরিচালক-অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী। একই আবাসনের বাসিন্দা তারা।
চিরঞ্জিতের কথায়, “সকালে ওর মেয়ের সঙ্গে দেখা হয়েছিল। তখনই জানালেন, উমাদি চলে গিয়েছেন।”
কয়েক বছর আগে ক্যানসার হয়েছিল তার। চিকিৎসায় সাড়াও দিয়েছিলেন প্রাথমিকভাবে। কিন্তু নতুন করে ফিরে আসে মারণরোগ। অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য তাকে ভর্তি করানো হয়েছিল এক বেসরকারি হাসপাতালে। সেখানেই প্রয়াত হলেন উমা।
মাত্র একটি ছবিতে অভিনয় করেছিলেন আর তাতেই পেয়েছেন বিশ্বজোড়া খ্যাতি। ১৯৫৫ সালে সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’তে তিনি ‘অপু’র বোন ‘দুর্গা’। কিশোরী বয়সের সেই চরিত্রকে পর্দায় জীবন্ত করেছিলেন উমা। এর পর তাকে আর পর্দায় দেখা যায়নি। পেশাগত জীবনে তিনি ছিলেন শিক্ষক।
কিন্তু কেন আর পর্দায় দেখা গেল না উমাকে? সত্যজিৎ নেই। তাকে ঘিরে কোনও স্মৃতি কি পরিচালক-পুত্র সন্দীপ রায়ের মনে থেকে গিয়েছে?
সন্দীপের কথায়, “তখন আমি শিশু। ফলে, সেভাবে কোনও স্মৃতিই আর নেই। উমাদি তখন মাত্র ১৪। পরে আর অভিনয় করেননি। ফলে, ওর সঙ্গে আমাদের আর যোগাযোগ ছিল না।”
পরিচালক-পুত্রের আফসোস, সেই সময়ের সব স্মৃতি প্রয়াত অভিনেত্রী সঙ্গে নিয়ে চলে গেলেন! কেন আর অভিনয় করেননি, সে বিষয়েও কিছু জানেন না সন্দীপ।
এর আগেও একাধিকবার উমা দাশগুপ্তের মৃত্যুর ভুয়া খবর ছড়িয়েছে। এ-ও শোনা গিয়েছিল, তিনি নাকি বৃদ্ধাবাসে থাকেন। তার প্রয়াণের খবরের পাশাপাশি সেই খবর ভুয়া, এ কথাও জানান প্রতিবেশী অভিনেতা চিরঞ্জিৎ।
আবারও প্রেমে পড়েছেন পরীমণি