ভর্তি বাতিল হওয়া বশেমুরবিপ্রবির ২২ শিক্ষার্থীর কী হবে

আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ০৪:৩৬ পিএম

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২২ জনের ভর্তি বাতিল করায় বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। সেই সঙ্গে দুঃশ্চিন্তা ও হতাশায় পড়েছে তাদের অভিভাবকেরাও। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে কারিগরি কারণে তাদের ভর্তিতে সমস্যা হয়েছে। এ বিষয়ে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

জানা গেছে, বিভিন্ন কোটায় ভর্তির জন্য নির্বাচিত ২২ জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ফি জমা দিয়ে ক্লাস শুরু করেছিলেন। এদের মধ্যে অনেক শিক্ষার্থী অন্য প্রতিষ্ঠানের ভর্তি বাতিল করে বশেমুরবিপ্রবিতে পছন্দের সাবজেক্ট পেয়ে ভর্তি হয়েছিলেন।

শিক্ষার্থী ইকরা আক্তার, সাবিদুন নাহার ও সাজনান আনার চেীধুরী জানান, ভর্তির পর ওরিয়েন্টেশন ক্লাস ছাড়াও কেউ কেউ দুই-তিন দিন মনের আনন্দে ক্লাস করেন। এরপর ব্যক্তিগত নম্বর থেকে এই সব শিক্ষার্থীদের জানানো হয় তাদের ভর্তি বাতিল হয়েছে। এটা নাকি টেকনিক্যাল সমস্যা।

তারা বলেন, অনেক শিক্ষার্থীর এটি দ্বিতীয় বছর। এবার ভর্তি হতে না পারলে শিক্ষাজীবন শেষ হয়ে যাবে। তারা ছুটে যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। কিন্তু তারাও কোনো সদুত্তর দেয়নি। ছাত্র-অভিভাবকদের শুধু বলছে টেকনিক্যাল সমস্যার কারণে তাদের ভর্তি বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে যে কজন শিক্ষার্থী ভর্তি করার কথা তা হয়ে গেছে। এ কারণে ভর্তি বাতিল হওয়া শিক্ষার্থীদের তাদের টাকা ও কাগজপত্র ফেরত নিতে বলা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হয়নি। তবে ভর্তি কমিটির সাধারণ সম্পাদক ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান টেকনিক্যাল সমস্যার কথা উল্লেখ করে বলেন, বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ তিন সদস্য বিশিষ্ট কমিটি করেছে। সেখান থেকে আসা সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত