বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (বিশ্ববিদ্যালয় দিবস) উদযাপিত হয়েছে। বুধবার (৮ জুলাই) সকালে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, বেলুন উড্ডয়ন ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে বিশ্ববিদ্যালয়ের দিবসের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও উপ উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।
উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয়ের টেনিস কোর্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে বিভিন্ন কার্যকর উদ্যোগ নিয়েছি। আমরা দায়িত্ব নেওয়ার পর শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও মেধা অ্যাওয়ার্ডের ব্যবস্থা করেছি। পাশাপাশি প্রথমবারের মতো ডিনস কমপ্লেক্স চালু, গবেষণাগার সমৃদ্ধকরণ ও মেডিকেল সেন্টার সংস্কার করা হয়েছে।
শিক্ষক সংকট দূরীকরণের বিষয়ে উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে নতুন ২০ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে এবং আরও ৪৭ জন শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে প্রায় ১২০০ কোটি টাকার একটি মেগা প্রজেক্ট পরিকল্পনা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসানের সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ময়নুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন মানবিকী অনুষদের ডিন সুকান্ত বিশ্বাস, পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শাহজাহান, কৃষি অনুষদের ডিন ড. জিলহাস আহমেদ জুয়েল ও রেজিস্ট্রার মো. এনামউজ্জামান।
এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।