গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই আন্দোলন’-বিরোধী শিক্ষকদের পদোন্নতির প্রতিবাদে এবং তাদের বিচার দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
আজ বুধবার দুপুরে প্রবল বৃষ্টির মধ্যেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জমায়েত হন শিক্ষার্থীরা। সেখানে ঘণ্টাব্যাপী অবস্থান নিয়ে তাঁরা স্লোগানে প্রতিবাদ জানান।
অবস্থানে অংশ নিয়ে বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আমিনুল ইসলাম বিদ্যুত, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসসি) বিভাগের দূর্জয় শুভ এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের আজিজুর রহমান।
বক্তারা বলেন, জুলাই আন্দোলনের সময় যেসব শিক্ষক সরাসরি বিরোধিতা করেছেন, তাঁদের মধ্যে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা মুক্তাসহ কয়েকজনকে সম্প্রতি পদোন্নতি দেওয়া হয়েছে—এটি আন্দোলনের চেতনার সঙ্গে সাংঘর্ষিক। তাঁরা এসব পদোন্নতি বাতিলের দাবি জানান এবং বিরোধিতাকারী শিক্ষকদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান।
প্রতিবাদকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে এবং প্রয়োজনে বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়া হবে।
বাউফলে টানা বৃষ্টিতে কৃষি ও মৎস্য খাত বিপর্যস্ত