এটাই বুঝি আমি, যা হতে চেয়েছিলাম

আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ০২:৫৩ এএম

শৈশবকাল থেকেই তৌসিফ মাহবুবের স্বপ্ন ছিল বড় হয়ে রকস্টার হবেন। ২০০৬ সাল থেকে মিউজিক করছেন। ২০০৯ সাল থেকে ‘দ্য ম্যানেজার’ নামের একটি ব্যান্ডের সঙ্গে যুক্ত হন। তিনি ছিলেন সেই ব্যান্ডের গিটারিস্ট। ওই সময় শতাধিক কনসার্টও করেছেন। তবে তার আর রকস্টার হওয়া হয়নি, নাম লেখান অভিনয়ে।

তবে সেই স্বপ্ন পূরণ না হলেও দুধের স্বাদ ঘোলেই মেটালেন এই অভিনেতা। পর্দায় আসছেন ‘রকস্টার’ হয়ে। মুক্তি পেতে যাচ্ছে তার নতুন নাটক ‘দ্বিধা’। সম্প্রতি নাটকটির ট্রেলার উন্মুক্ত হয়েছে, যেখানে দেখা গেছে গিটার হাতে মঞ্চে গাইছেন তৌসিফ মাহবুব, যেন পেশাদার গায়ক! তৌসিফকে এমন রূপে এর আগে পর্দায় দেখা যায়নি। এই নাটকে তাকে রকস্টাররূপে দেখা যাবে। নাটকটি পরিচালনা করেছেন মহিদুল মহিম।

‘দ্বিধা’ নাটকের শুটিংয়ের জন্য কক্সবাজার সমুদ্রসৈকতে একটি মঞ্চ বানানো হয়েছিল, যেখানে গান পরিবেশন করেন তৌসিফ। তিনি বলেন, ‘আমরা যখন শুটিংয়ের জন্য কক্সবাজার যাই, তখন নাটকের পরিচালক মহিম ভাই, অভিনয়শিল্পী কেয়া পায়েল ফেসবুকে স্ট্যাটাস দিই। আমরা বলি, কক্সবাজারে যারা পরিবার নিয়ে ঘুরতে আসছেন, তাদের বলতে চাই, আমরা সন্ধ্যায় সমুদ্রসৈকতে থাকব। একটি কনসার্টের শুটিং করব। আপনারাও চাইলে থাকতে পারেন। এভাবে আমাদের ফেসবুক পোস্ট থেকে কয়েকশ লোক আসেন। এরপর সৈকতে থাকা লোকজনও আমাদের সেই কনসার্টের শুটিংয়ে অংশ নেন। আমরা টানা চার ঘণ্টা শুটিং করেছি। সবাই উপভোগ করেছিল।’

তিনি আরও বলেন, ‘ছোটবেলায় যখন মিউজিক করতাম, আমারও তো স্বপ্ন ছিল বড় হয়ে রকস্টার হব। সেটা ওই সময়ে পারিনি বা পারব না দেখে গান থেকে অভিনয়ে এসেছি। ওই অভিজ্ঞতা এখানে কাজে লেগেছে। নাটকের কনসার্টের দৃশ্যের শুটিংয়ের দিন মঞ্চে ওঠার পর আমি ২০১২ সালে ফিরে যাই। আমার স্ত্রী বলেছিল, তুমি নিশ্চয় এটা অভিনয় করোনি। স্টেজে তুমি যেভাবে গিটার বাজিয়ে গান করছিলে, মনে হচ্ছিল সত্যিকারের কোনো শিল্পী মঞ্চে গাইছে। এই চরিত্রে তুমি সত্যিকার অর্থে ডুবে গেছ। এসব শোনার পর আমি খুব আবেগপ্রবণ হয়েছি। রকস্টার হয়ে যখন উঠেছি, তখন মনে হয়েছে এটাই বুঝি আমি, যা হতে চেয়েছিলাম।’

জানা গেছে, ‘দ্বিধা’ নাটকের শুটিং হয়েছিল ১০ দিন। নাটকটিতে তৌসিফের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন কেয়া পায়েল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত