জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে চ্যালেঞ্জ কাপের প্রাইজমানি

আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ১২:১৪ এএম

ফুটবল মৌসুমে নয়া সংযোজন চ্যালেঞ্জ কাপ। আগের মৌসুমের লিগ চ্যাম্পিয়ন ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়নের মধ্যে হওয়ার কথা শিরোপা লড়াই। গেল মৌসুমে যেহেতু ট্রেবল জয়ের অনন্য রেকর্ড গড়েছে বসুন্ধরা কিংস, তাই ২২ নভেম্বর চ্যালেঞ্জ কাপের মঞ্চে তাদের সঙ্গে লড়াইটা হবে লিগ রানার্স-আপ মোহামেডানের। শুরুতে এই ম্যাচটি দেশের বড় কোনো তারকা ফুটবলারের নামে নামকরণ করার পরিকল্পনা ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। তবে গত জুলাই-আগস্টে দেশের প্রেক্ষাপট বদলে যাওয়ায় বদলাচ্ছে চ্যালেঞ্জ কাপের নামও। শত শত ছাত্র-জনতার রক্তের বিনিময়ে ৫ আগস্ট পতন ঘটেছিল শেখ হাসিনা সরকারের। এই বিজয়কে ছাত্র-জনতা দেশের দ্বিতীয় স্বাধীনতা হিসেবে আখ্যা দিয়েছে। তাই জুলাই-আগস্টে শহীদদের স্মৃতিতে এর নামকরণ করা হয়েছে বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ।

মৌসুম সূচনাকারী এই ম্যাচের নামকরণ করার ক্ষেত্রে বাফুফে আলোচনা করেছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে। বলতে গেলে তার পরামর্শেই করা হয়েছে এই নামকরণ। নতুন বাংলাদেশে নতুন টুর্নামেন্ট। তাই এখানে ব্যবহার করা হয়েছে বাংলাদেশ ২.০। এ ব্যাপারে বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও পেশাদার লিগ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান দেশ রূপান্তরকে বলেন, ‘প্রতিটি মৌসুমের শুরু হবে এই মর্যাদাকর ম্যাচটি দিয়ে। আগের মৌসুমের লিগ চ্যাম্পিয়ন ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়নের মধ্যে হবে এই ম্যাচ। দুটি আসরের চ্যাম্পিয়ন যদি এক দল হয় তবে আগের মৌসুমের লিগ চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল খেলবে ম্যাচটি। সেক্ষেত্রে ২২ নভেম্বর ম্যাচটি হবে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্স-আপ মোহামেডানের মধ্যে। আগের মৌসুমের লিগ চ্যাম্পিয়নরা নিজ ভেন্যুতে এই ম্যাচ খেলার সুযোগ পাবে। সে হিসেবে বসুন্ধরা কিংস ম্যাচটি খেলবে নিজেদের ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনায়। এই ম্যাচটি দেখতে মাঠে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এই ম্যাচে যারাই জিতবে প্রাইজমানি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে দিতে দুটি দলই সম্মত হয়েছে।’

এদিকে মোহামেডানের ফুটবল কমিটির চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেছেন, ‘আনুষ্ঠানিকভাবে প্রাইজমানি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে উপহার দেওয়ার ব্যাপারে আমার সঙ্গে কথা হয়নি। তবে এ রকম কোনো উদ্যোগ নেওয়া হলে মোহামেডানের পক্ষে থেকে অবশ্যই আমাদের কোনো আপত্তি থাকবে না।’ এদিকে বসুন্ধরাকে হারিয়ে মর্যাদার এই শিরোপা জয়ের ব্যাপারে ভীষণ আশাবাদী আলমগীর, ‘আমরা কিন্তু গত মৌসুমে বসুন্ধরা কিংসকে দুবার হারিয়েছি। এর মধ্যে একটা ম্যাচ ওদের মাঠে জিতে এসেছি। আমরা চেষ্টা করেছি একটা শক্তিশালী দল গড়তে। হয়তো বাজেটের দিক থেকে বসুন্ধরা কিংসের চেয়ে পিছিয়ে, তবে এই দল নিয়ে আমরা আশাবাদী। আমাদের সামর্থ্য আছে কিংসকে হারিয়ে এই শিরোপা জয়ের।’

বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বিকেল ৫টায়। আয়োজকদের আশা, বিশেষ এই ম্যাচটি দেখতে ঢল নামবে কিংস অ্যারেনার গ্যালারিতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত