ঢাকা মহানগরে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে পদক্ষেপ নিতে নির্দেশনা এসেছে উচ্চ আদালত থেকে। আদেশের তিন কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্টদের এ বিষয়ে পদক্ষেপ নিতে বলেছে হাইকোর্ট। গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত একটি রিট আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।
রুলে ঢাকা মহানগরে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে বিবাদীদের (রিট মামলার বিবাদী) নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট। স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসক, পুলিশের মহাপরিদর্শক, ট্রাফিক উত্তর ও দক্ষিণ বিভাগকে রুলের জবাব দিতে বলা হয়েছে। প্যাডেলচালিত রিকশা মালিকদের সংগঠন ঢাকা সিটি করপোরেশন রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি জহিরুল ইসলাম মাসুম ও সাধারণ সম্পাদক মোমিন আলীর পক্ষে এ রিট আবেদনটি করেন আইনজীবী তাহসিনা নাসনিম। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সানজিদ সিদ্দিকী।
ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী দেশ রূপান্তরকে বলেন, ২০১৩ ও ২০১৪ সালে ব্যাটারিচালিত অটোরিকশাকে নিবন্ধন দিতে করা রিট আবেদন খারিজ করেছিলেন হাইকোর্ট। রায়ে বলা হয়, এ ধরনের যানবাহনকে লাইসেন্স দেওয়ার এখতিয়া সিটি করপোরেশনের নেই। বিদ্যমান আইনের এই ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল অবৈধ। সেই রায়ের আলোকে আমরা যুক্তি তুলে ধরেছি। আরও বলেছি, এসব যানবাহন আগে মহানগরের অলিগলিত চললেও এখন তা মূল সড়কে চলছে। বাড়ছে দুর্ঘটনা। তা ছাড়া ব্যাটারিচালিত এসব যানে প্রচুর বিদ্যুৎ খরচ হচ্ছে। আদালত রুল ও নির্দেশনা দিয়ে বলেছেন, আদেশ পাওয়ার তিনদিনের মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করতে হবে।
