বরিশালে কাঠুরে আনিচুর রহমানকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত যুবক এবং তার মা-বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যার মূল পরিকল্পনা থেকে বাস্তবায়ন পর্যন্ত এই পরিবারের সক্রিয় ভূমিকা উঠে এসেছে।
গ্রেপ্তাররা হলেন বরিশাল সদর উপজেলার চরআবদানী এলাকার বাসিন্দা মো. আলভী (২৩), তার বাবা মো. শরীফুল ইসলাম সুমন (৪২), এবং মা ঝুমুর বেগম (৩৭)।
বুধবার (২০ নভেম্বর) বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপকমিশনার (উত্তর) রুনা লায়লা এ তথ্য জানান।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ৩০ অক্টোবর রাতে আনিচুর রহমানকে তার প্রতিবেশী আলভী পেটে ছুরিকাঘাত করেন। ঘটনার সময় আলভীর বাবা-মা সহযোগিতা করেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। আহত অবস্থায় আনিচুরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই তিনি মারা যান।
মৃত্যুর পর আনিচুর রহমানের স্ত্রী ছনিয়া বেগম ৫ নভেম্বর কাউনিয়া থানায় আলভী, তার বাবা-মা এবং অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হরষিৎ মণ্ডলের নেতৃত্বে পুলিশ তথ্যপ্রযুক্তির সাহায্যে অভিযান চালায়। প্রথমে ১৮ নভেম্বর ঢাকার একটি বাসা থেকে আলভীর বাবা সুমনকে গ্রেপ্তার করা হয়। পরদিন নওগাঁয় বিশেষ অভিযান চালিয়ে ভারত পালানোর চেষ্টার সময় প্রধান অভিযুক্ত আলভী ও তার মা ঝুমুর বেগমকে আটক করা হয়।
পুলিশ বলছে, গ্রেপ্তারের পর তিনজনই পুলিশের কাছে অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আলভীর বাবা সুমন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়াও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম।
কাল সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া