সকালে শিশু নিখোঁজ বিকেলে মুক্তিপণ দাবি রাতে মিলল লাশ

আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ১২:৩৬ এএম

বগুড়ায় সকালে বাড়ি থেকে খেলাধুলা করতে বের হয় শিশু আরবী আক্তার (৭)। তারপর মেয়েটিকে বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। পরে মোবাইলে কল করে চাওয়া হয় মুক্তিপণ। কিন্তু রাতে শিশুটির লাশ গ্রামের একটি পুকুরে পাওয়া গেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া সদরের গোকুল সরকারপাড়া গ্রামের পুকুরে শিশুটির লাশ পাওয়া যায়। সে ওই গ্রামের কাজল মিয়ার মেয়ে।

গতকাল বুধবার দুপুরে সদর থানার ওসি এসএম মঈনুদ্দিন জানান, শিশু আরবী আক্তার গত মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে খেলাধুলা করার সময় নিখোঁজ হয়। এরপর বিকেলের দিকে কয়েকটি মোবাইল নম্বর থেকে শিশুটির বাবার কাছে ফোন করে মুক্তিপণ চাওয়া হয়। পুলিশ তথ্যপ্রযুক্তির সহযোগিতায় ফোন নম্বরগুলোর অবস্থান শনাক্ত করে। এরই মধ্যে সন্ধ্যার পর বাড়ির কাছে পুকুরে শিশুটির লাশ ভেসে ওঠে।

তিনি আরও জানান, পরিবারের লোকজন জানিয়েছেন, শিশুটির মৃগী রোগ ছিল। ধারণা করা হচ্ছে, খেলাধুলার সময় সবার অজান্তে পুকুরে পড়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত