পটুয়াখালীর কুয়াকাটায় আওয়ামী লীগের বিভিন্ন ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে কুয়াকাটা পৌরসভার বিএনপির বেশ কয়েকটি অঙ্গ ও সংগঠন এবং স্থানীয়রা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে সহস্রাধিক নেতাকর্মী ও স্থানীয়রা এই মিছিলে অংশ নেন।
কুয়াকাটা চৌরাস্তা থেকে শুরু হয়ে মিছিলটি পৌরসভা এলাকা, মেয়র বাজার, রাখাইন মার্কেট, ভূঁইয়া মার্কেট, সৈকতের জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে ফের চৌরাস্তায় এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলের আয়োজন করেন কুয়াকাটা পৌরসভার কৃষক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা।
মিছিলে উপস্থিত ছিলেন কৃষক দলের আহ্বায়ক আলী হোসেন খন্দকার, যুবদল নেতা নুর আলম শেখ, হানিফ গাজী, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রেদওয়ানুল ইসলাম রাসেল শেখ, ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিন হাওলাদারসহ বিভিন্ন অঙ্গ ও সংগঠনের পৌর ও ওয়ার্ডের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল শেষে চৌরাস্তায় এসে নেতাকর্মীরা আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, গত ১৫ বছর তারা এদেশে সাধারণ মানুষকে নির্যাতন-জুলুম করেছে। বর্তমানে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকসহ বিভিন্নভাবে দেশ-জাতি নিয়ে মিথ্যা অপবাদ সৃষ্টি করছে। এগুলো রুখে দিতে তারা সার্বক্ষণিক মাঠে রয়েছে। বক্তব্যে তারা জানান, এদেশ ছাত্রজনতার গণঅভ্যুত্থানে স্বাধীনতা ফিরে পেয়েছে। এই স্বাধীনতাকে রক্ষা করতে বিএনপি সবসময় প্রস্তুত রয়েছে।
ছাত্র-জনতার সমন্বয়ে নতুন রাজনৈতিক দল আসা প্রয়োজন: সারজিস
অটোরিকশার ধাক্কায় জাবি শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি